জয় দিয়ে শুরু ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ইংল্যান্ড সফরে মাত্র একবার ৩০০ ছুঁতে পেরেছিল ভারত। কাল দেশের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই করল ৩০০। ইংল্যান্ডে পুরো সফরে জয় ছিল অধরা। হায়দরাবাদে কাল প্রথম ম্যাচেই জয় তুলে নিল ভারত। জয়টাও বিশাল, ইংল্যান্ডকে ৩৬.১ ওভারে ১৭৪ রানে অলআউট করে ১২৬ রানের জয়।৩০০ রান তাড়া করতে দরকার ছিল বিস্ফোরক সূচনার। ইংল্যান্ডকে সেই সূচনা এনে দিতে পারতেন যিনি, সেই ক্রেইগ কিসওয়েটার আউট তৃতীয় ওভারেই (৭)। কেভিন পিটারসেনের সঙ্গে অ্যালিস্টার কুকের দ্বিতীয় উইকেট জুটিটা তখন জমে উঠছে, তখনই রবিচন্দ্রন অশ্বিনের সরাসরি থ্রোতে রানআউট পিটারসেন। গত কিছুদিনের ধারাবাহিকতা মেনে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন কুক (৬৩ বলে ৬০)। তবে কুককে দিয়েই শুরু ইংল্যান্ডের ধসের। ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে ইংলিশরা। তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন, ২টি উমেশ যাদব।অথচ শুরুটা কিন্তু ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড সফরের পুনরাবৃত্তিরই। চতুর্থ ওভারে পার্থিব প্যাটেলকে হারানার পর গৌতম গম্ভীর চেষ্টা করেছিলেন রানের গতি বাড়ানোর। কিন্তু আরেক পাশে অজিঙ্কা রাহানের শম্বুক-ব্যাটিংয়ে ভারতের ইনিংসটা গতি পাচ্ছিল না। রান বাড়ানোর চাপেরই বলি রাহানে, ৪১ বলে ১৫ করে স্টাম্পড সোয়ানের প্রথম ওভারেই। গম্ভীরের সম্ভাবনাময় ইনিংসটা শেষ হয় জেড ডার্নব্যাকের দারুণ এক স্লোয়ারে।এমনিতে সাবলীল বিরাট কোহলিকেও কাল রানের জন্য সংগ্রাম করতে হয়েছে। ৬৩ বলে ৩৭ বলের ইনিংসটা শেষ হয়েছে সামিত প্যাটেলকে সীমানা ছাড়া করার প্রচেষ্টায়। লং অফে লাফিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন পিটারসেন। ২৯তম ওভারে ভারতের রান তখন ৪ উইকেটে ১২৩। ইনিংসের গতিপথ পাল্টে দেয় সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির জুটি। শুরুতে কিছুটা লড়তে হয়েছে রায়নাকেও। তবে থিতু হওয়ার পর যথারীতি স্ট্রোকের ফোয়ারা ছুটিয়েছেন। ব্রেসনানকে সাইট স্ক্রিনে আছড়ে ফেলে ফিফটি ছুঁয়েছেন ৫২ বলে। ব্যাটিং পাওয়ার প্লেতে ৫৯ তুলেছে ভারত। ফিনের এক ওভারে ১৫ নিয়ে রায়না ফিরে যাওয়ার পর হাত খোলেন ধোনি। টানা চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ৪৮ বলে, পরের ২২ বলে করেছেন ৩৭। হেলিকপ্টার শটে দিশেহারা করে তুলেছেন বোলারদের। শেষ ১০ ওভারে ভারত তুলেছে ৯১।সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ৩০০/৭ (প্যাটেল ৯, রাহানে ১৫, গম্ভীর ৩২, কোহলি ৩৭, রায়না ৬১, ধোনি ৮৭*, জাদেজা ২৭; ব্রেসনান ০/৬৬, ফিন ১/৬৭, ডার্নব্যাক ১/৫৮, সোয়ান ১/৩৫, প্যাটেল ১/৪৯, বোপারা ০/২১)। ইংল্যান্ড: ৩৬.১ ওভারে ১৭৪ (কুক ৬০, কিসওয়েটার ৭, পিটারসেন ১৯, ট্রট ২৬, প্যাটেল ১৬, ব্রেসনান ১১, ফিন ১৮*; প্রাভিন ১/৩৮, যাদব ২/৩২, অশ্বিন ৩/৩৫, জাদেজা ৩/৩৪)। ফল: ভারত ১২৬ রানে জয়ী।