জয় দিয়ে শুরু সেনাদলের
ধানমন্ডি ইনডোরে কাল থেকে শুরু হয়েছে সিটিসেল জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ঘণ্টা খানেক পর শুরু হয় খেলা। প্রধান অতিথির জন্য অপেক্ষা তো ছিলই, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিলবোর্ডগুলোও ইনডোরের বিভিন্ন জায়গায় বসানোর কাজে ব্যস্ত দেখা গেল মাঠকর্মীদের। অপেক্ষা ছিল সেটা নিয়েও। মাত্র কয়েক দিন আগে তিন-তিনটি টুর্নামেন্ট শেষ হলেও কোর্টের মধ্যে ছিল রাজ্যের ধুলা। শেষ মুহূর্তে ওটা পরিষ্কার করতে গিয়ে ধুলায় অন্ধকার হয়ে যায় ইনডোর। ওই দমবন্ধ পরিবেশেই চলছিল সেনাবাহিনী ও বিমানবাহিনীর খেলোয়াড়দের ওয়ার্মআপ।পরিবর্তিত ফরম্যাট অনুযায়ী কাল প্রথম ধাপে ছিল সার্ভিসেস দলগুলোর গ্রুপের খেলা। উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনী ৭৬-৩৭ পয়েন্টে হারিয়েছে বিমানবাহিনীকে। সেনাবাহিনীর আমানত করেন সর্বোচ্চ ১৭ পয়েন্ট। খেলার উদ্বোধন করেন সাংসদ শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি, ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.)।