জয় দিয়ে শেষ করতে চান দ্রাবিড়
দীর্ঘ ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে আজ মাঠে নামবেন রাহুল দ্রাবিড়। নিজের ওয়ানডে ক্যারিয়ার আর ব্যর্থতায় ভরা ইংল্যান্ড সফরের শেষটা জয় দিয়েই করতে চান ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১৯৯৬ সালে ওয়ানডে ক্রিকেটের জগতে পা রাখার পর ৩৪৩টি ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী রাহুল দ্রাবিড়। ১০ হাজার ৮২০ রান করে তিনিই এখন ওয়ানডের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২টি সেঞ্চুরিও জমা হয়েছে তাঁর ঝুলিতে। আজ ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে শতকটি পূরণ করতে পারলে বিদায়ী মঞ্চটা বেশ ভালোভাবেই সাজাতে পারবেন মি. ওয়াল। তবে এই মুহূর্তে নিজের সেঞ্চুরির চেয়েও ইংল্যান্ড সফরে ভারতে একমাত্র জয়ের কথাটাই বেশি ভাবছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘আমি শেষটা জয় দিয়েই করতে চাই। এটা ভারতের জন্য খুবই দরকার। আমরা ইংল্যান্ডে খুবই কঠিন একটা সময় কাটালাম। এখন শেষ ম্যাচটাতে জয় পেলে আমার খুবই ভালো লাগবে।’ তবে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটটা আরও কিছুদিন খেলতে চান দ্রাবিড়। কাজেই এটাকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ হিসেবেও অভিহিত করছেন না এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘আমি এটাকে আমার ক্যারিয়ারের শেষ হিসেবে দেখছি না। কারণ আমি এখনো টেস্ট ক্রিকেট খেলতে চাই। তবে এটাই একদিনের ক্রিকেটকে বিদায় বলার আদর্শ সময় বলে মনে হয়েছে আমার।’— ইএসপিএন