জয় দিয়ে শেষ গার্দিওলার
রাজার ট্রফিটা রাজপুত্রের কাছ থেকেই বুঝে নিলেন জাভি। কিংস কাপের শিরোপা পরশু বার্সেলোনার ভারপ্রাপ্ত অধিনায়কের হাতে তুলে দিয়েছেন প্রিন্স ফিলিপ। বিশাল ট্রফিটায় একটা চুমু এঁকে দিয়ে সেটি দুই হাতে উঁচিয়ে ধরেছেন জাভি। পরে তা পৌঁছে দিয়েছেন সতীর্থদের হাতে। একে একে সবাই বার্সার ২৬তম কোপা ডেল রের ট্রফিটায় চুমু আঁকলেন। সবশেষে বিজয়মঞ্চে হলো সম্মিলিত উদ্যাপন। বৃষ্টির মতো ঝরে পড়া কনফেত্তির মাঝে দাঁড়িয়ে উচ্ছ্বাসে ভাসল পুরো দল। এরই মধ্যে একজনকে ঠিকই চোখে পড়ল আলাদা করে। মুখে উচ্ছ্বাস, কিন্তু চোখে বিষাদ। পেপ গার্দিওলা যে তাঁর প্রাণের ক্লাবের সঙ্গে সম্পর্কছিন্ন করলেন ওই বিজয়মঞ্চে দাঁড়িয়েই!যেখান থেকে শুরু করেছিলেন, শেষটা হলো সেখানেই। ২০০৯ সালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েই বার্সা কোচ হিসেবে সাফল্যবিধৌত সময়টার প্রথম শিরোপাটি জিতেছিলেন। জয়ের ব্যবধান ছিল তিন গোলের (৪-১)। পরশু সেই বিলবাওকে তিন গোলেই (৩-০) হারিয়ে কোচ গার্দিওলা জিতলেন তাঁর ১৪তম শিরোপা। ওই ম্যাচে এক গোল করেছিলেন মেসি, পরশুও করলেন একটি। এই মৌসুমে তাঁর মোট গোলের সংখ্যা আরেকটু উন্নীত হয়ে পৌঁছে গেল ৭৩-এ! বাকি দুটি গোল করেছেন পেদ্রো।নিজের শেষ মৌসুমেও কিন্তু চার-চারটি ট্রফি জিতলেন গার্দিওলা। বড় দুটি ট্রফি ঘরে আসেনি। তবে তার পরও এই মৌসুমটিকেই নিজের চার বছরের সেরা বললেন ৪১ বছর বয়সী কোচ, ‘চার বছরে ১৪টি শিরোপা! এখান থেকেই বোঝা যায় এটা কত কঠিন। আমি তাই খুবই তৃপ্ত। ক্লাবকে ভালো অবস্থায় রেখেই বিদায় নিতে পারছি। আজও আমরা প্রথম ৩৫ মিনিট দুর্দান্ত খেলেছি (২৫ মিনিটের মধ্যেই গোল তিনটি করেছিল বার্সা)। এটাই আমার সেরা বছর। কৌশলগতভাবে এই মৌসুমে আমরা অনেক উন্নতি করেছি। প্রথম কয়েক বছরে আমরা শুধু প্রচণ্ড প্রাণশক্তি আর দুর্দান্ত কিছু ঝলসানো পারফরম্যান্সে এগিয়ে গিয়েছি। কিন্তু আমার প্রথম মৌসুমের ম্যাচগুলো দেখলাম, মনে হলো তখন আমরা অনেক বেশি ভুল করেছি।’তাঁর চার বছরের সবচেয়ে বড় আবিষ্কার লিওনেল মেসির অবিশ্বাস্য ফর্ম। প্রতি মৌসুমেই মেসি আগের মৌসুমের পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছেন। গত তিনবারের ফিফা বর্ষসেরা হয়েছেন। এবার ৭৩ গোলের বিশ্ব রেকর্ড গড়া মেসি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা চতুর্থবার বর্ষসেরার পুরস্কার হাতে তোলার বড় দাবিদারও। গার্দিওলা আপাতত তাঁর শেষ সংবাদ সম্মেলনে মেসির জন্য আলাদা করে প্রশংসা বরাদ্দ রাখলেন। এমনকি এই মন্তব্য করলেন, তিনি মেসির কাছেও শিখেছেন! ‘মেসির কাছ থেকে শিখে আমি আগের চেয়ে আরও বেশি প্রতিদ্বন্দ্বী মানসিকতা গড়ে তুলেছি। ওকে ছাড়া এতগুলো ট্রফি আমরা জিততেই পারতাম না। ওর মতো খেলোয়াড়ের কোচ হতে পারা আমার জন্য ছিল বিরাট গর্বের, যাকে আমি আমার দেখা সর্বকালের সেরা খেলোয়াড় মনে করি।’ এত সাফল্য এত কম সময়ে, স্বাভাবিকভাবেই তাঁর এ দলটিকে অনেকেই ইতিহাসের সেরা দল বলেও মনে করে। বিনয়ী গার্দিওলা অবশ্য সেই তুলনা এক পাশে সরিয়ে রাখলেন, ‘এমন কিছু বলা বেশি অহংকারী হয়ে যাবে। আমি এভাবে দেখি, আমরা কিছু ভালো স্মৃতি রেখে গেলাম। মানুষ মনে করবে তারা ভালো কিছু পেয়েছে। এর চেয়ে বেশি কিছু বলা শুধু শব্দের খেলা।’অনেক কিছুই বলেছেন। তবে এই কথা অনুচ্চারে উচ্চারিত হলো: চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা! এএফপি, রয়টার্স।