জয় দিয়ে শেষ বার্সেলোনার
স্প্যানিশ লিগের শিরোপাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। গতকাল লিগের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে শেষটাও ভালোভাবেই করেছে বার্সেলোনা। মৌসুমের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ২৮ তারিখ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে কাতালানরা।গতকাল লা লিগায় নিজেদের শেষ ম্যাচে মালাগাই করেছিল প্রথম গোলটি। প্রথমার্ধের ৩১ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠিয়েছিলেন মালাগা স্ট্রাইকার সাবেস্টিয়ান ফার্নান্দেজ। তবে খুব বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেননি বোজান কিরকিচ। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১-১ এ সমতা আনেন এই তরুণ বার্সা স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে খেলায় পুরোপুরিই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গার্দিওলা শিষ্যরা। ৭৬ মিনিটে ইব্রাহিম আফেল্লাহর গোলে এগিয়ে যায় তারা। ৮৪ মিনিটে আরও একটি গোল করে বার্সার জয় নিশ্চিত করেন মার্ক বাট্রা।চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য বার্সার তারকা খেলোয়াড়দের কেউই গতকাল মাঠে নামেননি। মেসি, জাভি, ইনিয়েস্তা, ভিয়া, পুয়োলসহ বার্সার প্রথম একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ পেপ গার্দিওলা। সকারনেট।