জয় দিয়ে শেষ স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউরো আসরে স্পেনের অন্যতম কান্ডারি ভাবা হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তাকে। কেন ভাবা হচ্ছে, সেটাই তিনি দেখিয়ে দিলেন গতকাল রোববার রাতে। চীনকে ১-০ গোলে হারিয়ে ইউরোর প্রস্তুতি শেষ করেছে স্পেন। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের একমাত্র গোলটি স্ট্রাইকার ডেভিড সিলভার। তবে এ গোলের মূল কারিগর ছিলেন মিডফিল্ডার ইনিয়েস্তা।শক্তিমত্তা, ঘরোয়া কন্ডিশন সবকিছুই ছিল স্পেনের পক্ষে। অথচ ঘামঝরাতে হলো তারকা-নির্ভর দলটিকে। প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। গোলের দেখা মিলছিল না দ্বিতীয়ার্ধেও। সম্ভব হচ্ছিল না চীনের রক্ষণ-ব্যূহ ভাঙার। তবে একেবারে শেষ মুহূর্তে সফলতা পায় স্পেন।খেলার ৮৮ মিনিটে সুনিপুণ দক্ষতায় স্পেনের গোলের সুযোগ করে দেন ইনিয়েস্তা। বল ঠেলে দেন ডেভিড সিলভার দিকে। সুযোগটা কাজে লাগাতে একদম ভুল করেননি সিলভা। চীনের জালে বল জড়িয়ে স্পেনের জয় নিশ্চিত করেন তিনি।ম্যাচ শেষে সিলভার প্রতিক্রিয়া, ‘প্রথমার্ধে চীন আমাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে। দ্বিতীয়ার্ধে এগিয়ে ছিলাম আমরাই। এ ম্যাচে আমরা আরও গোল পেতে পারতাম।’ম্যানচেস্টার সিটির প্লেমেকার সিলভা নিজের গোলের জন্য কৃতিত্ব দিয়েছেন সতীর্থ ইনিয়েস্তাকেই, ‘বল ঠেলে দিয়ে আন্দ্রেস আমার কাজটা সহজ করে দিয়েছিল। আমি শুধু বলটা জালে পাঠিয়েছি। ও অসাধারণ খেলোয়াড়।’এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করেছে পোল্যান্ড ও ইউক্রেন। আসর মাঠে গড়াবে ৮ জুন। গ্রুপ পর্বে স্পেনের প্রতিপক্ষ ইতালি, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া। স্পেনের প্রথম ম্যাচ ১০ জুন ইতালির বিপক্ষে। রয়টার্স।