জয় দিয়ে স্বস্তি ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর বেশ ভালো সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে আজ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যুবরাজ-ধোনি-কোহলিরা। যুবরাজ সিংয়ের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিকেরা। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ২১ বলে ৩৮ রানের চমত্কার ইনিংস খেলেছেন যুবরাজ। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।উদ্বোধনী জুটিতেই ৪২ রান সংগ্রহ করে ভারতকে ভালো সূচনা এনে দেন গৌতম গম্ভীর ও আজিনকা রাহানে। পঞ্চম ওভারে দুই ওপেনারকেই সাজঘরমুখী করেন টিম ব্রেসনান। এরপর তৃতীয় উইকেটে ৪৯ রানের ঝোড়ো জুটি গড়ে ভারতকে জয়ের ভিত্তি গড়ে দেন যুবরাজ সিং ও বিরাট কোহলি। ২১ বলে ৩৮ রান করে আউট হন যুবরাজ। কোহলির ব্যাট থেকে আসে ২১ রান। বাকি কাজটা অনায়াসেই করে ফেলেন সুরেশ রায়না ও অধিনায়ক ধোনি। শেষ মুহূর্তে রায়না ২৬ রান করে রানআউটের ফাঁদে পড়লেও ২৪ রান করে অপরাজিত ছিলেন ধোনি।এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই সিদ্ধান্তের যথার্থতাও প্রমাণ করেছিলেন রবীচন্দ্রন অশ্বিন। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ২১ রানের মাথায় ইংল্যান্ডের ওপেনার মিচেল ল্যাম্বকে সাজঘরে ফিরিয়েছিলেন এই ডানহাতি অফস্পিনার। এরপর অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের ঝোড়ো জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দেন অ্যালেক্স হালেক্স ও লুক রাইট। ১১তম ওভারে এই জুটি ভেঙে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান যুবরাজ সিং। ৩৪ রান করে ফিরে যান রাইট। নিজের পরের ওভারে হ্যালেক্স ও ইয়ন মরগানের উইকেটও তুলে নেন যুবরাজ। শেষ পর্যায়ে সুমিত পাটেলের ২৪ ও জোস বাটলারের হার না মানা ৩৩ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৫৭ রান যোগ করে ইংল্যান্ড। ভারতের পক্ষে চার ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন যুবরাজ সিং।