জয় দিয়েই গ্যাটলিনের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর। ঠিক চার বছর পর আবার প্রতিযোগিতামূলক দৌড়ের ট্র্যাকে দেখা গেল জাস্টিন গ্যাটলিনকে। না, ২০০৪ অলিম্পিক বিজয়ী গ্যাটলিনের সেই পুরোনো ফর্ম ফিরে আসেনি। নিজের সেরা সময় থেকে এখনো অনেক পিছিয়ে আছেন। কিন্তু সেরা পারফরম্যান্স না করেও চার বছর পর ট্র্যাকে নেমেই জয়ের মুখ দেখলেন।গত মঙ্গলবার এস্তোনিয়ার রাকভেরেতে কুলডলিগা মিটে ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন গ্যাটলিন। ১০.৩১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে দ্বিতীয় হয়েছেন গ্যাটলিনের মার্কিন সতীর্থ জে-মি স্যামুয়েলস। একই দিনে বাছাইয়ে ১০.৩৪ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন গ্যাটলিন। তবে গ্যাটলিনের প্রত্যাবর্তনের কাছে এসব ফলাফলের খবর নিতান্তই জোলো ব্যাপার। এথেন্স অলিম্পিকে ১০০ মিটারের সোনাজয়ী ও পরবর্তী সময়ে ১০০ মিটারের বিশ্ব রেকর্ড ছোঁয়া গ্যাটলিন ‘ডোপ পাপে’ ২০০৬ সালে নিষিদ্ধ হয়েছিলেন। চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই আগস্টেই ট্র্যাকে ফেরার অনুমতি পেয়েছেন।প্রত্যাবর্তনের আগে নিজের দুটি লক্ষ্যের কথা জানিয়েছিলেন মার্কিন এই অ্যাথলেট—১০ সেকেন্ডের কম সময়ে দৌড়ানো এবং ২০১২ অলিম্পিকে অংশ নেওয়া। দ্বিতীয় লক্ষ্য পূরণ হবে কি না, সেটা সময় বলবে। তবে প্রথমটা পূরণ হয়নি। ১০ সেকেন্ডের বাধা অতিক্রম করতে পারেননি; নিজের সেরা ৯.৮৫ সেকেন্ড থেকেও পিছিয়ে আছেন।এই পিছিয়ে থাকার একটি ব্যাখ্যা অবশ্য আছে গ্যাটলিনের কাছে। তিনি বলছেন, শুরুতেই একটু হোঁচট খেয়েছিলেন, ‘আমি শুরু করেই হালকা একটু হোঁচট খেয়েছিলাম। তারপর থেকে বাকি দৌড়ে মনোযোগটা ধরে রেখেছিলাম। এবং শেষটা ভালোই করেছি।’গ্যাটলিনের কোচ লরেন সিয়াগ্রোভ বলছেন, প্রথম ৪০ মিটারে পিছিয়ে পড়েছিলেন গ্যাটলিন। পরে সেটা পুষিয়ে নিয়েছেন। তবে এখন আর এই হয়ে যাওয়া দৌড় নিয়ে ভাবছেন না গ্যাটলিন। চোখ তাঁর এখন সামনে।সামনে মানে, এখনই আবার অলিম্পিক নিয়ে ভাবছেন না। সেটা ভাববেন কদিন পর। আগামী ৮ আগস্ট এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে আরেকটি দৌড়ে অংশ নেবেন। সেখানে সময়টা কমাতে চান, ‘আমি এখন আরও ভালো ফর্মে আসার জন্য কাজ করব। আশা করি, তাল্লিনের মিটে সময়টা আরও কমাতে পারব। এখন শুধু তালিম নিয়েই ভাবছি। এরপর কী হবে, সেটা পরে ভাবব।’ ওয়েবসাইট।