জয় দিয়েই শুরু করলেন বার্সার নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার নতুন কোচ লুইস এনরিকে
বার্সার নতুন কোচ লুইস এনরিকে

রিয়াল মাদ্রিদ থেকে নাম লিখিয়েছিলেন। খেলোয়াড় হিসেবে তাঁকে বরণ করে নিতে তাই সময় লেগেছিল বার্সেলোনার সমর্থকদের। কিন্তু লুইস এনরিকে ঠিকই মন জিতে নেন কাতালানদের। শুধু তা-ই নয়, আট বছর খেলেছেন এই ক্লাবে। অধিনায়কও ছিলেন। কোচ হিসেবেও হয়তো দ্রুতই মন জিতে নেবেন বার্সা-সমর্থকদের। জয় দিয়েই যে বার্সায় নিজেদের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন এই ৪৪ বছর বয়সী।

প্রাক মৌসুমে বার্সেলোনা এখন কলম্বিনো ট্রফি খেলছে। স্পেনের সবচেয়ে পুরোনো ক্লাব রিক্রিয়েটিভো হুয়েলভা আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কাল স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বার্সা। মেসি-নেইমার-সুয়ারেজদের অনুপস্থিতিতে কালকের জয়ের নায়ক বার্সা যুবদলের খেলোয়াড় হুয়ান রোমান। ২১ বছর বয়সী এই উইঙ্গার ৬৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন।

এই ম্যাচে অভিষেক হয়ে গেল বার্সার নতুন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেজেনের। মেসি-নেইমাররা ছুটি কাটিয়ে আগামী মাসেই দলে যোগ দেবেন। তবে সুয়ারেজের ‘ছুটি’ শেষ হতে দেরি আছে। কামড়-কাণ্ডে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।

২ আগস্ট বার্সেলোনার পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ফরাসি ক্লাব নিস।