জয় দিয়েই শুরু হজসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে শুরুটা ভালোভাবেই করেছেন রয় হজসন। গতকাল নরওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়টা আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যও অনেক ইতিবাচক ভূমিকা রাখবে নিশ্চিতভাবেই। ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার অ্যাশলে ইয়ং।এই মাসের শুরুতে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হজসন। আর এরপরই তাঁর কাঁধে এসেছে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসরের জন্য দল গোছানোর ভার। এত অল্প সময়ে ইউরো ২০১২ মিশনের প্রস্তুতি নিতে রীতিমতো হিমশিম খেতে হবে হজসনকে-এমনটাই অনুমান করা হয়েছিল। তবে গতকাল নরওয়ের বিপক্ষে ১-০ গোলের জয়টা ইংল্যান্ডকে অনেক আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছেন হজসন। আর জয় দিয়েই ইংল্যান্ডের কোচ হিসেবে যাত্রাটা শুরু করতে পেরে উচ্ছাসও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘ইংল্যান্ডের কোচ হিসেবে আমার ক্যারিয়ারের শুরুটা দুর্দান্তভাবেই হলো। কারণ নরওয়ে তাদের নিজেদের মাটিতে খুব কমই হারে।’ ৩২ বছর পর নরওয়েকে তাদের মাটিতেই পরাজয়ের স্বাদ দিতে পেরেছে ইংল্যান্ড।ইউরো কাপের চূড়ান্ত আসর শুরু হওয়ার আগে খেলোয়াড়দের পারফরমেন্স, কৌশলের বিচারটাও ভালোমতোই করতে পারছেন হজসন। আর শিষ্যরা যেভাবে খেলেছে তাতে খুবই সন্তুষ্ট ইংল্যান্ডের এই নতুন কোচ। তিনি বলেছেন, ‘দলে জায়গা করে নেওয়ার জন্য সবাই খুব পরিশ্রম করছে। ইয়ং আর অ্যান্ডি ক্যারোল প্রমাণ করেছে যে, তারা নিজেদের কাজটা ভালোমতোই করতে পারে। কিছু কিছু ব্যাপার নিয়ে আমাদের এখনো কাজ করতে হবে। কিন্তু আমি আশাবাদী যে, ইউরোর চূড়ান্ত আসর শুরু হওয়ার আগেই আমরা সেটা করে ফেলতে পারব।’ইউরো শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইংল্যান্ড। রয়টার্স