জয় দিয়েই শেষ করতে চায় রাসেল
একপর্যায়ে মনে হচ্ছিল, সিটিসেল বাংলাদেশ লিগে ঢাকা মোহামেডানকে টপকে রানার্সআপও হয়ে যেতে পারে শেখ রাসেল। কিন্তু সেই সম্ভাবনা শেষ হয়ে যায় মোহামেডানের বিপক্ষে ম্যাচে। এরপর তাদের লক্ষ্য দাঁড়ায়—জয়ের সংখ্যা বাড়িয়ে নেওয়ার। কিন্তু আগের ম্যাচে শেষ মিনিটের গোলে ঢাকা আবাহনীর কাছে হেরে যায় তারা। তবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবের বিপক্ষে পেল বড় জয় (৪-১)।এ ম্যাচের ১১ মিনিটে মরক্কোর স্ট্রাইকার জামাল নাখলির গোলে প্রথমে এগিয়ে যায় শেখ রাসেল। ৪০ মিনিটে গোলটি শোধ করে দেন সকারের মনোয়ার। ৪৩ ও ৬৩ মিনিটে দুটি গোল করে জয়ের ব্যবধান বাড়িয়েছেন সালাহ মাসলুহ ও জামাল নাখলি। অতিরিক্ত সময়ে সকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মোহাম্মদ রনি। এই জয়ে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট শেখ রাসেলের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ফেনীর দলটি। লিগে আর মাত্র একটা ম্যাচ বাকি আছে রাসেলের। ব্রাদার্সের বিপক্ষে ২৭ মের ওই ম্যাচে জিতলেও পয়েন্ট তালিকায় অবস্থানের কোনো হেরফের হবে না তাদের।