জয় দিয়েই শেষের শুরু টেন্ডুলকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোগ্রাফশিকারীদের আবদারও মেটাতে হলো শচীন টেন্ডুলকারকে
অটোগ্রাফশিকারীদের আবদারও মেটাতে হলো শচীন টেন্ডুলকারকে

শুরুর আগে সবকিছুরই কেন্দ্রে ছিলেন শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট দেবতাকে বিদায় জানানোর সম্ভাব্য সব আয়োজনই করেছিল কলকাতার ইডেন গার্ডেন। মোমের মূর্তি, স্মারক পয়সা, ছবির গ্যালারি—সবকিছুই ছিল শচীনময়। যদিও ক্যারিয়ারের এই ১৯৯তম টেস্টটা নিজ পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না লিটল মাস্টার। সব আলো কেড়ে নিলেন অভিষিক্ত দুই ক্রিকেটার রোহিত শর্মা ও মোহাম্মদ সামি। টেন্ডুলকারের ১৯৯তম টেস্টটা ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে এই দুর্দান্ত দুটি টেস্ট অভিষেকের জন্যই। ব্যাট হাতে রোহিত শর্মা আর বল হাতে মোহাম্মদ সামির দারুণ পারফরম্যান্সে ভারত পেয়েছে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানের জয়। প্রথম ইনিংসে ২৩৪ রানের পর আজ তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৬৮ রানে।
২১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর সামি আর রবিচন্দ্রন অশ্বিনের ভালো বোলিংয়ে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্বভাবসুলভ ঝোড়ো ভঙ্গিতে শুরু করলেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ক্রিস গেইল। ৩৫ বলে করেছিলেন ৩৩ রান। দশম ওভারে গেইল সাজঘরে ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহও ছিল ওই ৩৩ রান।
দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন কাইরন পাওয়েল ও ড্যারেন ব্রাভো। কিন্তু চা বিরতির আগমুহূর্তে টানা দুই ওভারে পাওয়েল ও স্যামুয়েলসের উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতির পর খুব দ্রুত ব্রাভো আর দিনেশ রামদিনকে ফিরিয়ে জয়টা প্রায় নিশ্চিতই করে ফেলেছিল ভারত। ষষ্ঠ উইকেটে ২৭ রানের জুটি গড়ে ১০ ওভার উইকেটে ছিলেন ড্যারেন স্যামি ও শিবনারায়ণ চন্দরপল। কিন্তু সামির এক ওভারেই তিনটি উইকেট হারানোর পর দ্রুতই গুটিয়ে যায় সফরকারীরা। ১৫২ থেকে ১৬৮, এই শেষ ১৬টি রান সংগ্রহ করতেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে পাঁচটি উইকেট। ৩১ রান করে অবশ্য শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন চন্দরপল।
প্রথম ইনিংসে চারটি উইকেট নিয়ে উইন্ডিজ শিবিরে আতঙ্ক ছড়িয়েছিলেন সামি। দ্বিতীয় ইনিংসে নিজেকে আরও ভীতিকর প্রমাণ করেছেন এই ডান হাতি পেসার। এবার ৪৭ রানে নিয়েছেন পাঁচটি উইকেট। অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১১৮ রান খরচেই পেয়েছেন ৯ উইকেট। এটা অভিষেকে ভারতের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং। ১৯৮৮ সালে অভিষেকে ১৬ উইকেট নিয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটা এখনো আছে নরেন্দ্র হিরওয়ানির দখলে।
বল হাতে যেমন সামি, ব্যাট হাতে তেমনই উজ্জ্বল অভিষেক হয়েছে রোহিতের। প্রথম ইনিংসে ৮৩ রানেই পাঁচ উইকেট হারানোর পর ভারত যখন ধুঁকছিল, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। সপ্তম উইকেটে অশ্বিনকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ২৮০ রানের জুটি। দ্বিতীয় দিনেই সেঞ্চুরি পূর্ণ করার পর আজ তৃতীয় দিনে রোহিতের সামনে ছিল আরও বড় কিছুর হাত ছানি। ছাড়িয়ে যেতে পারতেন ভারতের পক্ষে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান (১৮৭) করার শিখর ধাওয়ানের রেকর্ডটি। হতে পারতেন প্রথম ভারতীয় হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির মালিকও। অনেক কাছাকাছি চলেও গিয়েছিলেন। কিন্তু ১৭৭ রানের মাথায় তাঁকে থামিয়ে দিয়েছেন পারমল। এটাও ভারতের পক্ষে টেস্ট অভিষেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
রোহিতের পাশাপাশি সেঞ্চুরি করেছেন অশ্বিনও। অশ্বিন বল হাতে ৫ উইকেটও নিয়েছেন। ছিল সামির দুর্দান্ত অভিষেকও। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংসটির জন্য রোহিতই হয়েছেন ম্যাচ সেরা।
সেই ম্যাচ সেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য আলোটা আবার কেড়ে নিলেন টেন্ডুলকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দিয়েছেন তাঁকে। দিয়েছেন উপহারের ডালিও। সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলী টেন্ডুলকারকে পরিয়ে দিয়েছেন মুকুট। এভাবেই নিজের অন্যতম প্রিয় মাঠ ইডেন থেকে বিদায় নিলেন টেন্ডুলকার।
এমন দুর্দান্ত ঘুরে দাঁড়ানো জয়ে কলকাতাবাসীর একটাই আক্ষেপ থাকতে পারে। টেন্ডুলকারকে যে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতেই হলো না!