জয় দেখছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই দিন ভালোই লড়াইয়ে ছিল। তৃতীয় দিনেই লড়াই থেকে পিছিয়ে পড়ল শ্রীলঙ্কা। উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের অপরাজিত সেঞ্চুরি আর বোলারদের সাফল্যে সিডনি টেস্টে এখন জয়ই দেখছে অস্ট্রেলিয়া। কাল তৃতীয় দিনের খেলা শেষে সফরকারী দলের লিড মাত্র ৮৭ রান। হাতে শেষ তিনটি উইকেট। অতিনাটকীয় কিছু না ঘটলে আগের দুই টেস্টেই সিরিজ খুইয়ে বসা শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ হতে যাচ্ছে সিরিজে।ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে ওঠার আগে তৃতীয় দিন দেখেছে অনেক উত্থান-পতন। আগের দিন ৪৮ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৪৩২ রানে। অস্ট্রেলিয়াকে এত দূর টেনে নিয়েছেন ম্যাথু ওয়েড। ৪৭ রান নিয়ে দিন শুরু করা ওয়েড অপরাজিত থাকেন ১০২ রানে। লাকমলকে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার পর ওয়েডের উদ্যাপনটা ছিল দেখার মতো। মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে লাফ দেন শূন্যে। তারপর দৌড়ে যান গ্যালারির দিকে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর এমন আবেগাপ্লুত হওয়ার কারণ তো আছেই। ক্যানসার সম্পর্কে জনগণকে আরও সচেতন করে তোলার লক্ষ্যে সিডনি টেস্টে পালিত হওয়া ‘পিংক ডে’তেই এই সেঞ্চুরি যে করলেন একজন ক্যানসারজয়ী। ‘অনুভূতিটা চমৎকার। মাঠে ঢোকার সময় জানতাম না কী হবে। ম্যাকগ্রা ফাউন্ডেশনের এই দিনে সেঞ্চুরি করাতে পারাটা বিশেষ কিছু। যা কখনোই ভুলব না আমি’—সেঞ্চুরির প্রতিক্রিয়ায় বলেছেন ওয়েড।ওয়েড সেঞ্চুরির জন্য দারুণ সহায়তা পেয়েছেন পিটার সিডল ও জ্যাকসন বার্ডের। সপ্তম ও শেষ উইকেটে দুজনকে নিয়ে ওয়েড গড়েছেন ৭৭ ও অপরাজিত ৩৯ রানের জুটি। সিডল-ওয়েড জুটিটি ওই উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ (সর্বোচ্চ ১২৯, ইয়ান হিলি-গ্রেগ ম্যাথুজের, ১৯৯২)। আর ওয়েডের সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে কোনো অস্ট্রেলিয়ান উইকেটরক্ষকের দ্বিতীয় সেঞ্চুরি (প্রথমটি গিলক্রিস্টের, ২০০৪)।১৩৮ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নবিরতির চার ওভার আগে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। বিরতি থেকে ফিরে হারায় দিলশানকে। হোবার্টে ১৪৭ রানের ইনিংস খেলার পর টানা পাঁচ ইনিংসে ব্যর্থ সাবেক অধিনায়ক (৫)। জনসনের বলে তৃতীয় স্লিপে হিউজের তালুবন্দী হওয়ার পর লড়ে যান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও দিমুথ করুনারত্নে। ১০৬ রানে অবিছিন্ন থেকে এই জুটি যখন চা-বিরতিতে যায়, মনে হচ্ছিল লড়াই ভালোই জমবে। কিন্তু বিরতির পর ১০৮ রানের এই জুটি ছিন্ন হয়ে গেলে উল্টে যায় হিসাব-নিকাশ। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে বার্ডের বলে ওয়েডের হাতে ধরা পড়েন করুনারত্নে। জনসনের বলে ফাইন লেগে বার্ডের হাতে ক্যাচ হয়ে ফেরেন প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ রানসংগ্রাহক থিরিমান্নে। এর মধ্যে একবার ‘জীবন’ও পান প্রসন্ন জয়াবর্ধনের চোটে ‘এসওএস’ পেয়ে অস্ট্রেলিয়ায় উড়ে আসা তরুণ ব্যাটসম্যান। এক ওভার পরেই গোলাপি গ্যালারিতে হিল্লোল তুলে লায়নের বলে সামারাবীরাকে দারুণ এক ক্যাচে পরিণত করেন বিদায়ী টেস্ট খেলতে নামা মাইক হাসি। সতীর্থদের ‘বিদায়’ দেখতে দেখতে একসময় সেই মিছিলে যোগ দেন উইকেটে শ্রীলঙ্কার বড় ভরসার প্রতীক হয়ে থাকা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও। তিন বছর পর দেশের বাইরে প্রথম ইনিংসে প্রথম ফিফটি পাওয়া জয়াবর্ধনে সিডলের শিকার হওয়ার আগে করেছেন ৬০ রান। শেষ ৯৩ রান তুলতেই সফরকারীরা হারিয়েছে ৬ উইকেট।২২ ও ৭ রানে উইকেটে আছেন দিনেশ চান্ডিমাল ও রঙ্গনা হেরাথ। বড় একটা জুটি গড়ে এঁরা কি লড়াইয়ে ফেরাতে পারবেন শ্রীলঙ্কাকে? তথ্যসূত্র: ক্রিকইনফো।