জয় দেখছে পাকিস্তান
সেন্ট কিটসে দিব্য দৃষ্টিতে জয়ই দেখছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থদিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ক্যারিবীয়দের আরও ২৯৭ রান করতে হবে। কিন্তু হাতে ৫ উইকেট নিয়ে এই রান সংগ্রহ করাটা যে তাদের পক্ষে একপ্রকার অসম্ভব, সেটা বলে দেওয়াই যায়।চতুর্থ দিন পাকিস্তানি বোলিংয়ের নায়ক ছিলেন বাঁ-হাতি স্পিনার আবদুর রেহমান। তিনি তাঁর ঘূর্ণি বলে সারাক্ষণই বিভ্রান্তিতে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। ১৪ ওভার বল করে মাত্র ২৬ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। রেহমানের পাশাপাশি তানভীর আহমেদ ও ওয়াহাব রিয়াজ উভয়েই নিয়েছেন ১টি করে উইকেট।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সফল ব্যাটসম্যান বলা যায় ব্র্যাভোকে। তিনি ৫০ রান করে আউট হন। তবে ১৪৪ বল খেলে বড় একটি ইনিংসের ভিত প্রায় গড়ে ফেলার পরেও আউট হয়ে যাওয়ার জন্য তাঁকে দুষতেই পারেন ওয়েস্ট ইন্ডিজ সমর্থকেরা। তবে দিনশেষে আশার আলো হয়ে রয়েছেন ন্যাশ। ৩০ রানে অপরাজিত থাকায় তাঁর ওপরে এখন ক্যারিবীয়দের ভরাডুবি ঠেকানোর দায়িত্ব।