জয় দেখছে পাকিস্তান
প্রথম দুই ইনিংস শেষ হতেই লেগে গেছে সাড়ে তিন দিন, ম্যাচের ভাগ্যে আর কী থাকতে পারে! এই ম্যাচে ফল আনতে পারত কেবল খুব বাজে ব্যাটিং কিংবা অসাধারণ বোলিং। হলোও তাই। ওই দুটোর মিশেলে ম্যাড়মেড়ে সাড়ে তিন দিনের পরও ফল হচ্ছে বুলাওয়েতে। প্রকৃতি বাগড়া দিলে বা পাকিস্তানের অচিন্তনীয় কিছু করে ফেলার পুরোনো সমস্যা মাথা চাড়া দিলে অন্য কথা। না হলে পাকিস্তানের জয়টাকে বলা যায় শুধু সময়ের ব্যাপার।জয় কালই পেতে পারত পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে নিয়েছিল তারা মাত্র ৬৯ রানেই। প্রথম ইনিংসে পাকিস্তানের লিড ৫৪ রানের, ২ উইকেট হাতে নিয়ে তখন জিম্বাবুয়ে এগিয়ে মাত্র ১৫ রানে। নবম উইকেটে দারুণ দৃঢ়তা দেখিয়ে ২৬ ওভার কাটিয়ে দিলেন টাইবু ও জারভিস। দুজনের ৬৬ রানের জুটির পরও অবশ্য লিড মাত্র ৮১ রানের। ম্যাচ তাই এখনো মিসবাহদের হাতের মুঠোয়। আগের দিন ক্যারিয়ার-সেরা ব্যাটিংয়ের পর কাল ক্যারিয়ার-সেরা বোলিং করে মোহাম্মদ হাফিজ তুলে নিয়েছেন ৪ উইকেট। সকালে ১২ রানের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি পাননি ইউনুস খান। প্রাইসের স্পিনে ক্যাচ দিয়েছেন স্লিপে। বড় না হলেও কার্যকরি দুটি ইনিংস খেলেছেন আদনান আকমল ও সাঈদ আজমল। ওয়েবসাইট।