জয় দেখছে সেই অস্ট্রেলিয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ উইকেট নিয়ে কাল ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন নাথান লায়ন। এএফপি
৫ উইকেট নিয়ে কাল ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন নাথান লায়ন। এএফপি

ক্ষণে ক্ষণে উত্তেজনা আর প্রতিটি সেশনে নতুন বিস্ময়। টেস্ট ক্রিকেট মেলবোর্নে তিন দিন ধরে নিজেকে মেলে ধরল জাদুকরের মতো। নইলে কে ভেবেছিল দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানো ইংল্যান্ড তৃতীয় দিনেই এভাবে লাগাম তুলে দেবে অস্ট্রেলিয়ার হাতে!

কয়েক বছর আগে যখন অ্যাশেজে অস্ট্রেলিয়ার একতরফা রাজত্ব চলত, সে সময় একবার সিডনির মাঠে একটা প্ল্যাকার্ড দেখা গিয়েছিল—‘ইংলিশরা যদি ব্যাটিংয়ে থাকে তাহলে ট্যাক্সিওয়ালাকে অপেক্ষা করতে বলো।’ মানে বেশি সময় লাগবে না, অলআউট হয়ে যাবে একটু পরই। মেলবোর্নে তৃতীয় দিনের জন্য এর চেয়ে মানানসই প্ল্যাকার্ড আর হতে পারে না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ানদের ২০৪ রানে অলআউট করে ৫১ রানের লিড পেয়ে গিয়েছিল অ্যালিস্টার কুকের দল। কিন্তু ব্যাটিংয়ে নেমে নিজেরা গুটিয়ে গেছে মাত্র ১৭৯ রানে! ফলাফল, একই দিনে দ্বিতীয়বার ব্যাটিং করার সুযোগ পেল অস্ট্রেলিয়া। দিন শেষে তাদের বিনা উইকেটে ৩০ রান বলছে মেলবোর্ন যদি আর কোনো বিস্ময় লুকিয়ে না রাখে তাহলে সিরিজে ৪-০ করে ফেলছে মাইকেল ক্লার্কের দল। অথচ দ্বিতীয় দিন শেষে এই অস্ট্রেলিয়াই কী কোণঠাসা ছিল!

ইংল্যান্ডের সর্বনাশ হয়েছে দুটি ব্যাটিং ধসে। প্রথম ইনিংসের ৫১ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে কুক ও কারবেরির উদ্বোধনী জুটিতে আরও ৬৫ রান। ১১৬ রানে এগিয়ে যাওয়া ইংল্যান্ড তখন স্বপ্ন দেখছে প্রতিপক্ষকে রানে চাপা দেওয়ার। কিন্তু ব্যক্তিগত ৫১ রানে কুক ফিরতেই পরিস্থিতির বদল। পিটার সিডল যখন কারবেরিকে এলবিডব্লু করেন, ইংল্যান্ডের রান ৮৬। সেখান থেকে আর ১ রান যোগ হতেই আউট জো রুট ও ইয়ান বেল। বিনা উইকেটে ৬৫ থেকে ৪ উইকেটে ৮৭। এই ৪ উইকেটের তিনটিতেই ভূমিকা আছে জনসনের। কুককে এলবিডব্লু করেছেন, দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট করেছেন রুটকে আর নাথান লায়নের বলে ক্যাচ নিয়েছেন বেলের। অস্ট্রেলিয়ার হয়ে বাকি কাজটুকু করেছেন লায়ন একাই।

বেলের পর ফিরিয়েছেন বেন স্টোকস, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড ও কেভিন পিটারসেনকে। দেশের মাটিতে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে শততম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার। এ বছরে এ পর্যন্ত পিটার সিডলের সঙ্গে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি তিনি (৪২টি)। লায়নের ঘূর্ণির সামনে ইংল্যান্ড শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৬ রানে! এর মাঝে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছেন শুধু পিটারসেন (৪৯)।

বল হাতে এই কীর্তি গড়ার আগে ব্যাট হাতেও দিনের শুরুতে ইংল্যান্ডকে ভুগিয়েছেন লায়ন। ৯ উইকেটে ১৬৪ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে হাডিন-লায়নের শেষ জুটি দিয়েছে আরও ৪০ রান, যাতে ১৮ রান লায়নের। জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যটাকে দিন শেষে ২০১ রানে নামিয়ে এনেছেন দুই ওপেনার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার।
মেলবোর্ন কি নতুন কোনো রোমাঞ্চ জাগিয়ে উল্টো কিছু করবে? ১৯৯৬ সালে নতুন পিচ বানানোর পর থেকে এই মাঠে চতুর্থ ইনিংসে ১৮৩ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল! স্টার স্পোর্টস, এএফপি।