জয় দেখল মোহামেডান
মোহামেডান ২: ০ বিজেএমসি
চট্ট. আবাহনী ০: ০ বারিধারা
আবাহনী ৩: ১ মুক্তিযোদ্ধা
রুই ক্যাপেলা ম্যাচের সময় হাতে কাগজ-কলম রাখেন। নোট নেন কোন খেলোয়াড় কেমন খেলছেন, কোন সুযোগটা কীভাবে নষ্ট হলো। কালও মোহামেডানের পর্তুগিজ কোচ হাতে কাগজ-কলম নিয়ে পুরো ৯০ মিনিট নিবিড় পর্যবেক্ষণ করলেন তাঁর দলকে। দুই ড্রয়ের পর নবাগত কোচ এদিন জয়ের খাতা খুললেন। মোহামেডানও পেল সামনে এগোনোর প্রেরণা।
ওয়াহেদ ও জাহিদের গোলে (২-০) বিজেএমসিকে হারানো মোহামেডানকে কাল আক্রমণাত্মকই লাগল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচে নতুন কোচের চাওয়াটা ঠিক বুঝতে পারেননি খেলোয়াড়েরা। আস্তে আস্তে ক্যাপেলা খেলোয়াড়দের বুঝছেন, খেলোয়াড়েরাও কোচের ছকে অভ্যস্ত হচ্ছেন। তাই যেন বদল শুরু হয়েছে মোহামেডানের।
পরশু মুক্তিযোদ্ধার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে আরেক শিরোপাপ্রত্যাশী আবাহনীও স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছে। ঘানাইয়ান ফরোয়ার্ড ইব্রাহিমের দুই ও মরিসনের এক গোল আবাহনীকে তৃতীয় ম্যাচে এনে নিয়েছে দ্বিতীয় জয়। তবে কালকের প্রথম ম্যাচ জয়-পরাজয় দেখেনি, চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে উত্তর বারিধারা।
এটা প্রমাণিত, আবাহনী-মোহামেডান ভালো না খেললে ঘরোয়া ফুটবল দর্শক টানে না। ফুটবলের জন্য সুখবরই, বাংলাদেশ লিগের তৃতীয় রাউন্ডটা দুই প্রধানের জন্য ভালোই কাটল। মোহামেডান তো কাল আক্রমণের ঢেউ বইয়ে দিল বিজেএমসির বক্সে। ম্যাচটা অবশ্য গতিময় হয়েছে দুই তরফেই। বিশেষ করে মোহামেডানের পায়ে ছিল ছন্দ। ক্যাপেলা রক্ষণ থেকে খেলাটা তৈরি করে এনে মাঝমাঠে ‘রক্ষণ’ চান, তারপর সাঁড়াশি আক্রমণ। সেটি এদিন ভালোভাবেই হলো।
এমিলি, জাহিদ, ওয়াহেদ ও মোস্তফা—ক্যাপেলা আক্রমণে ব্যবহার করলেন চারজনকে। এঁরা বিজেএমসির গোলমুখে অন্তত আট-দশটি সুযোগ তৈরি করলেন। লক্ষ্যভেদের ব্যর্থতায় দুটির বেশি গোল হয়নি। সুযোগ নষ্ট হলেও দুই গোলদাতার একজন জাহিদ তো নতুন কোচের গুণমুগ্ধ হয়ে পড়েছেন, ‘আমার চোখে সবচেয়ে ভালো বিদেশি কোচ ক্যাপেলা!’
২৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে জাহিদের নিচু ক্রসে ওয়াহেদের প্লেসিংয়ে প্রথম গোল মোহামেডানের। ৮২ মিনিটে বিজেএমসির গোলরক্ষক হিমেলের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে জাহিদ বাজে ফর্ম পেছনে ফেলার ইঙ্গিত দিলেন (২-০)।
মোহামেডানের জন্য বাড়তি সুবিধা হয়েছে বিজেএমসির রক্ষণের প্রধান স্তম্ভ ইকাঙ্গার অনুপস্থিতি। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে দেশে গিয়েছেন। দুই ম্যাচ তাঁকে ছাড়া মাঠে নেমে দুটিতেই হার। ইকাঙ্গার অভাব ঘোচাতে পারছে না বিজেএমসি। দলটির মূল কর্তা আরিফ খান জয় সাংসদ নির্বাচিত হয়ে এখন ক্রীড়া উপমন্ত্রী। বিজেএমসির কোচ আলী আসগরের আশা, ‘এবার আমাদের সমস্যার সমাধান হবে।’
অন্যদিকে ক্যাপেলা দেখছেন নতুন দিন, ‘সময় গেলে দল আরও ভালো খেলবে।’ কতটা ভালো খেলে, সময়ই বলবে!
আজকের খেলা: শেখ রাসেল-ফেনী সকার (বিকেল ৪-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।