জয় নিয়ে ফেরা আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরদুলই ট্রফিজয়ী দলকে কাল সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে ‘বরণ’ করে নিতে হাজির হলেন আবাহনীর কর্মকর্তারা। ভিআইপি লাউঞ্জ পার হওয়ার পর খেলোয়াড়দের মুখে তুলে দেওয়া হলো মিষ্টি। ছিল ফুলের মালার ছড়াছড়ি।দেশের বাইরে শিরোপা জয় বলে কথা! এই শিরোপা এসেছে এমন এক সময়, যখন কিনা আবাহনীর গত কয়েক বছরের সংগঠিত দলটা ভেঙে গেছে। মাত্রই কিছুদিন আগে যে দলটা পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো, সেই দলের বেশির ভাগ খেলোয়াড়ই দল ছেড়ে যাওয়ায় প্রায় নতুন একটা দল নিয়েই আবাহনী আসামে গিয়েছিল। তাতে কি, ১৬ বছর পর দেশের বাইরে কোনো শিরোপা জয়ের আনন্দে আবাহনী ভেসে গেল নতুন দল নিয়েই। ১৯৮৯-৯০ মৌসুমে কেরালার নাগজি ট্রফি আর ১৯৯৪ সালে কলকাতার চার্মস কাপ জয়ের পর এল এই সাফল্য।সাফল্য সব সময়ই মানুষকে উজ্জীবিত করে। বিমানবন্দরে দলীয় ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) বললেন, ‘এই সাফল্য পেয়ে আবাহনী অনেক বেশি উজ্জীবিত হয়ে উঠেছে। গোটা দেশের ফুটবলেই এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। আশা করি, ভবিষ্যতে আবাহনী এমন সাফল্য আরও পাবে।’আর সব খেলোয়াড়ের সঙ্গে এই বিশ্বাসটা জন্মেছে দলে ‘নবাগত’ আলফাজ আহমেদেরও। সেমিফাইনালে ১১২ মিনিটে ফ্রি-কিক থেকে ম্যাচের একমাত্র গোল করে আবাহনীর নায়ক ছিলেন এই আলফাজই। তাঁর কথা, ‘দেশে এখন সবাই তো নতুন দল শেখ জামালকে নিয়ে মাতামাতি করছে। কিন্তু আমার মনে হয়েছে, আবাহনীও কম নয়।’ঘরোয়া মৌসুমে আবাহনী কতটা কী করতে পারে, সময়ই বলবে। তবে এবার স্থানীয় ফুটবলারদের নিয়ে কাগজ-কলমে শেখ জামাল সেরা দল গড়ায় আবাহনী পড়তে যাচ্ছে বড় চ্যালেঞ্জে। মুক্তিযোদ্ধাও সমীহ জাগানো দল। এই দুই দলকে টপকে আবাহনী পেতে চায় ধারাবাহিক সাফল্য। আকাশি-নীল জার্সিধারীরা তাই সময় নষ্ট করছে না। খেলোয়াড়দের দিন চারেক ছুটি দিয়ে অনুশীলনে নেমে পড়ছে ২২ সেপ্টেম্বর। তত দিনে ঢাকা পৌঁছে যাওয়ার কথা আবাহনীর নতুন ইরানি কোচ আলী আকবর পোর মুসলিমির। দিন দুয়েকের জন্য ছুটি নিয়েছেন কোচ অমলেশ সেন, ভাইয়ের সঙ্গে কলকাতায় দেখা করতে যাওয়ায় তিনি কাল ফেরেননি। পরশু ফিরবেন।বিদেশি খেলোয়াড় (চার ঘানাইয়ান) আর দু-একজন জুনিয়র ফুটবলার ছাড়া আর কেউ ছিলেন না কাল ক্লাবে। বরদুলই ট্রফিতে দুটি ম্যাচে আবাহনীর অধিনায়ক ছিলেন যিনি, সেই ঘানার স্ট্রাইকার ইব্রাহিম (পায়ে আঘাতের কারণে ফাইনালে খেলেননি) প্রায় নীরব ক্লাব ভবনে দাঁড়িয়ে বললেন, ‘শেখ জামাল ও মুক্তিযোদ্ধা ভালো দল গড়েছে শুনেছি। আমাদের সামনে বড় চ্যালেঞ্জই। তবে বরদুলইয়ে দল যেভাবে খেলেছে তাতে দুশ্চিন্তার কিছু দেখছি না।’আসামে আবাহনীর বড় প্রাপ্তি এই আত্মবিশ্বাই।