জয় নিয়ে শহর ছাড়ল চিটাগং কিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের এবারের আসরে গ্যালারিতে দর্শক সমাগম বেশি হয়েছিল বন্দর নগরী চট্টগ্রামেই। কিন্তু নিজ শহরের চিটাগং কিংসকে প্রথম দুইটি ম্যাচেই হারতে দেখে নিশ্চয়ই খানিকটা হতাশই হয়েছিলেন সমর্থকেরা। শেষ দুই ম্যাচে যেন দর্শকদের সেই আক্ষেপ ঘুঁচিয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলেন চিটাগং কিংসের ক্রিকেটারেরা। নিজেদের শেষ দুই ম্যাচে সেটা করেও দেখালেন ব্রেন্ডন টেলর-মাহমুদুল্লাহরা।প্রথমে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয়ের পর আজ চিটাগং কিংস ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে শিরোপার অন্যতম ফেভারিট ঢাকা গ্ল্যাডিয়েটরসকে। জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় গতবারের শিরোপাজয়ীরা। এটিই এখন পর্যন্ত বিপিএলের দুই আসর মিলেয়ে সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। এর আগে গত বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানে শেষ হয়েছিল খুলনা রয়েল বেঙ্গলসের ইনিংস।জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটে শুধু আসা-যাওয়াই করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যাটসম্যানেরা। জ্যাকব ওরাম, আরাফাত সানি ও এনামুল হক জুনিয়রের দুর্দান্ত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে পড়তে থাকে ঢাকার উইকেট। ১২তম ওভারে যখন সপ্তম উইকেটের পতন ঘটে, তখন ঢাকার স্কোরবোর্ডে যোগ হয়েছিল মাত্র ৪৩ রান। দলের এই ভয়াবহ বিপর্যয়পূর্ণ পরিস্থিতির মধ্যে একাই লড়াই করেছেন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া আশরাফুল। শুরু থেকে প্রায় শেষপর্যন্ত উইকেট কামড়ে পড়ে ছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ১৯তম ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলে ফিরে যান আশরাফুল। ততক্ষণে হারটা নিশ্চিতই হয়ে গেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের। শেষপর্যায়ে যেন সর্বনিম্ন রানের লজ্জা এড়ানোর আশা নিয়েই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম। যদিও শেষরক্ষা হয়নি। মাত্র দুইটি রানের জন্য। মোশাররফের ১৬ ও মাহবুবুলের ১৩ রানের ইনিংস দুইটির সুবাদে ৮৮ রান জমা হয় ঢাকার স্কোরবোর্ডে।চিটাগং কিংসের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ওরাম, আরাফাত সানি ও এনামুল হক জুনিয়র।