জয় নিয়ে সংশয় নেই স্যামির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটিস গিবসন যেন ফিরে গেলেন খেলোয়াড়ি জীবনে। সেন্টার উইকেটে ডোয়াইন স্মিথকে বোলিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। একটা বলে স্মিথকে বোল্ড করেই সাবেক এই পেসারের সে কী উল্লাস! স্মিথ ‘নো বল, নো বল’ করে প্রতিবাদ করছেন। তাতে পাত্তা দিতে বয়েই গেছে! গ্যাংনামের নতুন এক সংস্করণ দেখালেন গিবসন। নেটে তখন নেট বোলারদের নিয়ে ‘ছক্কা’ মারার অনুশীলন করছেন ড্যারেন স্যামি। একটু দূরে কাইরান পাওয়েলের সঙ্গে কী এক রসিকতায় হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল কেমার রোচের। একটুখানি স্ট্রেচিং, খানিকক্ষণ ফুটবল খেলা আর হাসি-মজা-খুনসুটিতে কিছুক্ষণ ব্যাটিং-বোলিং—এই হলো ওয়েস্ট ইন্ডিজের কালকের অনুশীলনের খণ্ডচিত্র। সূচিতে কাল অুনশীলন ছিলই না ওয়েস্ট ইন্ডিজের। শেষ মুহূর্তে সূচি বদলে অনুশীলন হলো বটে। তবে সেটা বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের ত্বরিত ব্যবস্থা, সেটার প্রমাণ নেই অনুশীলনে। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, রবি রামপল, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড অনুশীলনে আসেনইনি। যাঁরা এলেন, তাঁদের চিত্রটা তো তুলে ধরাই হলো।এতটা নির্ভার থাকার একটা কারণ হতে পারে স্যামিদের বিশ্বাস। পরশু ম্যাচ শেষে পোলার্ড যা বলে গেছেন, কাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির কণ্ঠেও একই কথা। যেটার সারমর্ম, ওয়েস্ট ইন্ডিজ খুব বাজে খেলেছে বলেই বাংলাদেশ জিতেছে, ‘ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। খানিকটা আত্মতুষ্টি হয়তো আমাদের পেয়ে বসেছিল, বাংলাদেশ সেটা কাজে লাগিয়েছে। যেভাবে খেলা উচিত ছিল, আমরা সেভাবে পারিনি। আমিসহ দলের বেশির ভাগই পরিস্থিতির দাবি না মেনে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হয়েছি। তবে পাঁচ ম্যাচ সিরিজে মাত্র একটি দিনই গেল। স্রেফ দিনটি ছিল আমাদের জন্য খারাপ। শোধরানোর সময় যথেষ্ট আছে। আশা করি কাল (আজ) আমরা সবকিছু ঠিকঠাক করতে পারব।’ব্যাটিংটা ভালো হলে জয় নিয়ে সংশয়ের কিছু দেখছেন না স্যামি, ‘৬ থেকে ১২ মাস ধরে আমরা ভালো খেলছি। আমরা জানি, জিততে হলে বড় রান করতে হবে। গত কয়েকটি সিরিজেই আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলেছে, বোলাররাও তাদের সমর্থন দিয়েছে। আমরা জানি, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি। আজ লক্ষ্য থাকবে মাঠে নেমে সব পরিকল্পনা পুরোপুরি কাজে লাগানো। আমার কোনো সন্দেহই নেই যে, আগামীকাল (আজ) আমরা জিতব।’স্যামির বিশ্বাসে আরেকটি ধাক্কা দিতে পারবে বাংলাদেশ?