জয় নিয়েই সেমিফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের দ্বিতীয় আসরের সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংস। তবে শেষ ম্যাচটা জিতে আত্মবিশ্বাস নিয়ে শেষ চারের লড়াইয়ে অংশ নেওয়ার তাগিদ নিশ্চয়ই দুই দলের ক্রিকেটারদেরই ছিল। আর গ্রুপ পর্বের এই শেষ ম্যাচ জয়ের মুখ দেখেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। চিটাগং কিংসের বিপক্ষে গতবারের শিরোপাজয়ীরা পেয়েছে ২৯ রানের জয়। ১৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চিটাগংয়ের ইনিংস শেষ হয় ১৩৯ রানে। আগামীকাল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে সিলেট রয়্যালস ও ঢাকা গ্ল্যাডিয়েটরস।দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে চিটাগংকে শুভসূচনা এনে দিয়েছিলেন নুরুল হাসান ও মার্শাল আইয়ুব। ১২তম ওভারে ৩২ রান করে আইয়ুব সাজঘরে ফেরার পর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় চিটাগং কিংস। অল্প সময়ের মধ্যে একে একে আউট হন নুরুল হাসান, রায়ান টেন ডেসকাট, আফতাব আহমেদ, মেহেরাব হোসেন জুনিয়র ও তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন ওপেনার নুরুল হাসান। ১৯ রান করে বেশ কিছুক্ষণ উইকেটে একাই লড়াই চালিয়েছিলেন আরিফুল হক। ১৯তম ওভারে তাঁকে আউট করে চিটাগংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও দুই উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।