জয় পরাজয় নির্ধারিত হবে যেখানে
গোলরক্ষকবায়ার্নে প্রথম মৌসুমেই প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বাদ পেয়ে যাচ্ছেন ম্যানুয়েল নয়্যার। শালকের হয়ে গত মৌসুমে খেলেছিলেন সেমিফাইনাল। এবারও পুরো টুর্নামেন্টে বায়ার্নের গোল সামলেছেন দারুণ দক্ষতায়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে টাইব্রেকারে দুটি শট বাঁচিয়েছিলেন বলেই আজ বায়ার্ন ফাইনালে। তবু আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে নামছেন বলার জো নেই। বায়ার্নের সর্বশেষ ম্যাচেই যে পারফরম্যান্স ছিল জঘন্য! জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে হারা ম্যাচে নয়্যারের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো।পিওতর চেকের পারফরম্যান্সের ওঠা-নামা হয়েছে যেন দলের সঙ্গেই। মৌসুমের প্রথম ভাগে দলের মতোই বিবর্ণ ছিলেন অভিজ্ঞ গোলরক্ষক। তবে দ্বিতীয় ভাগটায় মনে করিয়ে দিয়েছেন যেন ক্যারিয়ারের সেরা সময়টাকে। সেমিফাইনালের দুই লেগেই বার্সেলোনার আক্রমণের ঝড় সামলেছেন দারুণ আস্থায়। রক্ষণভাগরক্ষণদুর্গ সামলাতে দুই কোচকেই গলদঘর্ম হতে হবে। নিষেধাজ্ঞার কারণে বায়ার্ন পাচ্ছে না লেফটব্যাক ডেভিড অ্যালাবা ও সেন্ট্রাল ডিফেন্ডার হোলগার বাডস্টুবারকে। জেরোম বোয়াটেংয়ের সঙ্গে আনাতোলি টিমোশুক। হয়তো সেন্টাল ডিফেন্সে খেলাবেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কস। টিমোশুক এবার চ্যাম্পিয়নস লিগে ১০টি ম্যাচ খেলেছেন, তবে প্রায় সবগুলোই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। বোয়াটেংয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া ম্যাচের ভাগ্য নির্ধারণে রাখতে পারে বড় ভূমিকা। রোবেনকে বলের জোগান দিতে ফিলিম লামকে রাখা হবে ডান পাশেই। বাঁ পাশে ব্রাজিলিয়ান রাফিনহাকে টপকে অ্যালাবার জায়গা নেবেন সম্ভবত যুবদল থেকে উঠে আসা ডিয়েগো কন্টেন্টো। বায়ার্নের সবচেয়ে ঝুঁকির জায়গা এটাই। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন কন্টেন্টো।চেলসির ডিফেন্সের অবস্থা অবশ্য আরও নাজুক, নিষেধাজ্ঞার কারণেই জন টেরি ও ব্রানিস্লাভ ইভানোভিচকে হারিয়ে। চোট নিয়ে মৌসুমের অনেকটাই বাইরে বসে থাকা ডেভিড লুইস ও গ্যারি কাহিলকে একাদশে না এনে উপায় নেই কোচ রবার্তো ডি মাত্তেওর। দুর্দান্ত ফর্মে থাকা মারিও গোমেজ ও বায়ার্নের দুরন্ত গতির প্রতি-আক্রমণের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে কাহিল-লুইজের।মিডফিল্ডলুইজ গুস্তাভো না থাকায় টমাস মুলারের একাদশে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। ডিফেন্সিভ মিডফিল্ডে গুস্তাভোর জায়গায় নেমে আসবেন টনি ক্রুস। আক্রমণাত্মক মিডফিল্ডে শোয়েনস্টাইগারের সঙ্গে জুটি বাঁধবেন মুলার। দুজনের কেউই অবশ্য সেরা ফর্মে নেই, শোয়েনস্টাইগার কদিন আগেই ফিরেছেন চোট কাটিয়ে। তবে দুজনই বড় ম্যাচের তারকা—উপলক্ষ দুজনেরই সেরাটা বের করে আনতে পারে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারের জয়সূচক শটটাও বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে শোয়েনস্টাইগারকে।রক্ষণের মতো মিডফিল্ডেও গুরুত্বপূর্ণ দুই তারকা রাউল মেইরেলেস ও রামিরেসকে পাচ্ছে না চেলসি। রামিরেসের অভাবটা বলতে গেলে অপূরণীয়। ডান প্রান্ত থেকে এ মৌসুমে গুরুত্বপূর্ণ সব গোল করেছেন ও করিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আবার নিচে নেমেও ভরসা হয়েছেন রক্ষণে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে যোগ হয়েছে ফ্লোরেন্ত মালুদার চোট। শেষ পর্যন্ত মালুদাও যদি খেলতে না পারেন, বাঁ-ডান দুই প্রান্তেই চেলসিকে খেলতে হবে আনকোরা দুজনকে নিয়ে। বায়ার্ন নিশ্চয়ই এর সুবিধা নিতে ভুল করবে না!আক্রমণসম্ভবত ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন মারিও গোমেজ। এবারের আসরে গোলসংখ্যায় ২৬ বছর বয়সী স্ট্রাইকারের (১২) ওপরে আছেন কেবল লিওনেল মেসি (১৪)। দুই পায়েই তাঁর নিখুঁত ফিনিশিং আর বাতাসে দক্ষতা চেলসির মাথাব্যথার কারণ হবে। বাঁ পাশ থেকে গোমেজকে বল জোগান দেওয়ার জন্য আছেন ফ্রাঙ্ক রিবেরি, ডান পাশ থেকে আরিয়েন রোবেন। এই দুজন আবার গোলটাকে যথেষ্ট ভালোই চেনেন!ডিফেন্স-মিডফিল্ডে উপযুক্ত বিকল্পের অভাব, কিন্তু আক্রমণে চেলসির সমস্যা আবার উল্টো। দিদিয়ের দ্রগবা, না ফার্নান্দো তোরেস—এই ধাঁধার উত্তর বের করতে হবে ডি মাত্তেওকে। শেষ পর্যন্ত দ্রগবার সম্ভাবনাই বেশি। তবে তোরেসের কথাও চেলসি কোচ ভাবতে পারেন একটা কারণে। বরুসিয়ার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি এবার দারুণ ভুগিয়েছেন বায়ার্ন ডিফেন্সকে। আর লিওয়ানডোস্কির ধরনটা তোরেসের মতোই!