নিরুত্তাপ গ্যালারি। নিষ্প্রাণ ক্রিকেট। খুলনায় বিপিএল বরণ হলো জৌলুশহীন। শেখ আবু নাসের স্টেডিয়ামের ম্যাড়মেড়ে ম্যাচে চিটাগং কিংসকে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল রংপুর রাইডার্স। চিটাগং কিংসের এটি টানা দ্বিতীয় হার, রংপুরের প্রথম জয়।খেলোয়াড়দের গায়ে রঙিন পোশাক, হাতের বলটা সাদা আর খেলাটা ২০ ওভারের। নয়তো গ্যালারির দর্শকদের নির্লিপ্ত ভাব দেখে মনে হচ্ছিল, টি-টোয়েন্টি নয়, মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে। দর্শকদেরই বা কী দোষ? লাফালাফি-নাচানাচির জন্যও তো উপলক্ষ চাই। মাঠে খেলোয়াড়েরা সেই উপলক্ষ দিতে পারলেন কমই। তবে রংপুর রাইডার্সের তাপস ঘোষ ধন্যবাদ পেতে পারেন নাঈম ইসলামের দুর্দান্ত ক্যাচটার জন্য। কেভিন ও’ব্রায়েনের বলে ডিপ ফাইন লেগে ওই ক্যাচ এবারের বিপিএলেরই সেরা ক্যাচের দাবি প্রতিষ্ঠিত করে ফেলল।কিংসের ১৩২ রানের ইনিংসে সব মিলিয়ে চারটি ছক্কা, মাসকারেনহাসের এক ওভারে যার দুটিই মেরেছেন ব্রেন্ডন টেলর। বাকি দুটির একটা অমিতকে অধিনায়ক মাহমুদউল্লাহ, অন্যটা রংপুর অধিনায়ক রাজ্জাককে ওরাম। ২১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি, মাহমুদউল্লাহ-টেলরের ব্যাটেই মোটামুটি একটা স্কোর করতে পেরেছে চিটাগং কিংস। দুই ছক্কার সঙ্গে সাতটি বাউন্ডারিও ছিল টেলরের ৫১ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে। টেলর অবশ্য শুরুটা নিয়েই আক্ষেপ করলেন, ‘প্রথম পাঁচ ওভারে (৫.১) ৩ উইকেট হারিয়েই আমরা পিছিয়ে পড়েছি।’রংপুরের জয়ে বড় অবদান শামসুর ও নাসিরের। প্রথম ম্যাচে নাসির করেছিলেন ৮০, কাল অপরাজিত ৪৫ করে দলকে জিতিয়ে ফিরলেন, হলেন ম্যাচসেরাও। ৫৫ রানে ৩ উইকেট, এর পরই ওপেনার শামসুরের সঙ্গে তাঁর ৬৮ রানের জুটি। ৪৫ বলে ৫২ রান করার পর ওরামের বলে স্কুপ করতে গিয়ে শামসুরের বোল্ড হওয়ার মাধ্যমে ভাঙে এই জুটি।জিতে খুশি, কিন্তু ফাঁকা গ্যালারি অতৃপ্তি ছড়াচ্ছে নাসিরের মনেও। সংবাদ সম্মেলনে প্রথমে রসিকতা করলেন, ‘বাংলাদেশের মানুষ আগে বেকার ছিল। এখন মনে হয় ব্যস্ত হয়ে গেছে। তাই মাঠে আসে না।’ তবে এর পরই ব্যাট ধরলেন দর্শকদের হয়ে, ‘আমার মনে হয়, টিকিটের দামটা এখনো বেশি। এটা আরেকটু কমানো উচিত।’সংক্ষিপ্ত স্কোরচিটাগং কিংস: ২০ ওভারে ১৩২/৫ (জেসন ৫, নাঈম ৭ , মেহরাব ৩, মাহমুদউল্লাহ ৩৪, টেলর ৬৫*, ওরাম ১২, বোপারা ২ *; এডওয়ার্ডস ১/২৪, মাসকারেনহাস ১/২৬, কেভিন ১/১৮, রাজ্জাক ১/২৬, তাপস ০/২৪, অমিত ০/১০, নাসির ০/৩); রংপুর রাইডার্স ঃ ১৯.৩ ওভারে ১৩৫/৪ (শামসুর ৫২, ইমরুল ০, নিয়াল ২১, কেভিন ৬, নাসির ৪৫*, মাসকারেনহাস ৬*; ওরাম ২/২১, টেইট ১/২১, মাহমুদউল্লাহ ১/১৯, আরাফাত ০/৩৭, এনামুল জুনিয়র ০/২৪, বোপারা ০/১৩ )ফল: রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী ম্যান অব দ্যা ম্যাচ: নাসির হোসেন।