
চ্যাম্পিয়নস লিগের অপরাপর ম্যাচে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল ও এসি মিলান।
নিজেদের মাঠে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড নাপোলির বিপক্ষে জিতেছে ৩-১ গোলে। খেলার ১১ মিনিটে মার্কো রিউসের গোলে এগিয়ে যাওয়া বরুসিয়ার পক্ষে আরও দুটো গোল করেন জ্যাকুব ব্লাসজোকোয়েস্কি এবং পিয়েরে এমরিক আওবামেয়াং। ব্লাসজোকোয়েস্কির গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। ৭১ মিনিটে লরেঞ্জো ইনসিগনের গোলে নাপোলি খেলায় ফিরে আসার চেষ্টা করলেও আওবামেয়াং এর সাত মিনিট ইতালীয় দলটির কফিনে ঠুঁকে দেন শেষ পেরেক।

গ্লাসগোয় গিয়ে সেল্টিককে হারাতে একেবারেই বেগ পেতে হয়নি এসি মিলানের। স্কটিশ দলটির বিপক্ষে তাদের জয় ৩-০ গোলের। ১৩ মিনিটে সেল্টিকের গোলমুখ খুলে দেন রিয়াল ছেড়ে সান সিরোয় ফেরা কাকা। ৪৯ মিনিটে ক্রিস্টিয়ান জাপাতার গোলে ব্যবধান বাড়ায় মিলান। ৬০ মিনিটে দলের জয় নিশ্চিত করেন মারিয়ো বালোতেল্লি।
অ্যামিরেটস স্টেডিয়ামে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে আর্সেনালের জয় দুই অর্ধের দুই গোলে। গোল দুটি অবশ্য একজনের। জ্যাক উইলশেরে। খেলার প্রথম মিনিটেই উইলশেরের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৫ মিনিটে উইলশেরে নিজের দ্বিতীয় গোলটি করে আর্সেনালকে এনে দেন ২-০ গোলের চমৎকার এক জয়। সূত্র: রয়টার্স।