জয় পেয়েছেন সব ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডেই ভেনাসকে বিদায় করে দিয়ে উইলিয়ামস বোনদের মুখোমুখি দ্বৈরথের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন উরসুলা রাদভানস্কা। তবে পোলিশ মেয়ে উজ্জ্বল করেছিলেন বড় বোন আগনিয়েস্কা রাদভানস্কার সঙ্গে খেলার আশা। সবকিছু প্রত্যাশামতো ঘটলে চতুর্থ রাউন্ডেই দেখা হয়ে যেত দুই পোলিশ বোনের। কিন্তু পরস্পরের বিপক্ষে দাঁড়ানো হলো না রাদভানস্কা বোনদের। কাল দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ম্যালোরি বারডেটকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে বড় বোন আগনিয়েস্কা ঠিকই উঠেছেন তৃতীয় রাউন্ডে।কিন্তু হেরে গেছেন উরসুলা। প্রথম রাউন্ডে ভেনাসকে হারিয়ে চমক দেখানো পোলিশ তরুণী এবার নিজেই চমকে গেছেন। ৬-৩, ৬-৩ গেমে হেরেছেন জার্মানির ডিনাহ ফাইজানমায়ারের কাছে। পোলিশ বোনদের মিশ্র অনুভূতির দিনে তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস। ক্যারোলিন গার্সিয়াকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন সেরেনা।পুরুষ এককে শেষ ৩২-এ নাম তুলেছেন রজার ফেদেরার, ডেভিড ফেরার ও জো-উইলফ্রায়েড সোঙ্গা। ফেদেরার ভারতের সোমদেব দেববর্মনকে ৬-২, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন। ফিনল্যান্ডের জার্কো নিমিনেনের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে সোঙ্গাকে। ফরাসিদের সবচেয়ে ‘বড় আশা’ সোঙ্গা জিতেছেন ৭-৬ (৮/৬), ৬-৪, ৬-৩ গেমে। পরশু জিতেছেন ফরাসিদের আরেক ‘ভরসা’ মারিওন বার্তোলিও। তবে বেলারুশের ওলগা গভোর্তসোভার সঙ্গে স্নায়ুক্ষয়ী এক লড়াইয়ের পর। জয় ৭-৬ (১০/৮), ৪-৬, ৭-৫ গেমে।আর সব ফেবারিটের মতো প্রথম রাউন্ড পেরিয়েছেন নোভাক জোকোভিচ ও ভিক্টোরিয়া আজারেঙ্কাও। জোকোভিচ কোর্টে নেমেছেন প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূরণের আশা নিয়ে। কিন্তু ঘাম ঝরাতে হলো শুরুতেই। মারিওন বার্তোলি ও ওলগা গভোর্তসোভার ম্যারাথন ম্যাচ এবং বৃষ্টির কারণে গত বছরের রানারআপ জোকোভিচকে কোর্টে নামতে হয় নির্ধারিত সময়ের ঘণ্টা চারেক পর। কোর্টে নেমে পড়তে হয় ডেভিড গবিনের প্রতিরোধের মুখে। অবশ্য বেলজিয়ান এই তরুণকে সরাসরি সেটেই হারিয়েছেন জোকোভিচ—৭-৬ (৭/৫), ৬-৪, ৭-৫ গেমে।জোকোভিচ তার পরও কোর্টে নামতে পারেন। বিলম্বের কারণে আজারেঙ্কা, পেত্রা কেভিতোভাদের তো প্রথম রাউন্ডের ম্যাচটি খেলতে হলো কাল চতুর্থ দিনে। তাতে জয় পেয়েছেন দুজনই। ‘ডাবল’ অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কা ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার এলেনা ভেসনিনাকে। ২০১১ সালের উইম্বলডনজয়ী কেভিতোভা ৬-৩, ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের আরাভ্যান রেজাইকে। এএফপি।