জয় শেষ কথা ডাচদের কাছেও
এ কী বললেন বার্ট ফন মারউইক! ‘টোটাল ফুটবলের’ জন্মদাতা, ধারক-বাহক হল্যান্ডের কোচও মনে হচ্ছে এখন দুঙ্গার দর্শনে বিশ্বাসী। কাল জাপানের বিপক্ষে জেতার পর ডাচ কোচ বলছেন, কী লাভ সুন্দর ফুটবল খেলে, যদি দলই না জেতে শেষ পর্যন্ত!‘জয়ের বদলে আমরা ভালো ফুটবলে বেশি জোর কেন দেব? আমি আপনাদের নিশ্চিত করেই বলছি, আমরা প্রথমত অবশ্যই ম্যাচ জিততে চাই। আর সেই জয়টা যদি আসে দুর্দান্ত খেলে, তাহলে তো কথাই নেই। তবে কুৎসিত ম্যাচগুলোও আপনাকে কিন্তু জিততে হবে’—কাল সংবাদ সম্মেলনে ফন মারউইক বুঝিয়ে দিলেন, দর্শনে তিনি এখন কার্লোস দুঙ্গার অনুসারী। আরও একবার বোঝা গেল, আধুনিককালের ফুটবলে এখন রোমান্টিসিজম স্রেফ বিলাসিতা। এবং অপাঙেক্তয়।কাল রাতে হয়ে যাওয়া ক্যামেরুন-ডেনমার্ক ম্যাচটি ড্র হলে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে হল্যান্ডের দ্বিতীয় রাউন্ড। অথচ প্রথম দুই ম্যাচে তিনটি গোল করেছে তারা, এর একটি আবার আত্মঘাতী। কোথায় গেল ডাচদের সেই প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়া আক্রমণ! ফন মারউইক তো আগেই বুঝিয়ে দিয়েছেন, ম্যাচের সেরা খেলোয়াড় এবং একমাত্র গোলদাতা ওয়েসলি স্নাইডারও গুরুর সুরে সুর মেলালেন। ইন্টার মিলানের এই মিডফিল্ডার জানালেন, ‘এ ধরনের ম্যাচে এমনই হয়, আপনি দু-তিনটি গোল পেতে পেতেও পেলেন না। তবে আমরা শেষ পর্যন্ত জিতেছি, এটাই সবচেয়ে বড় কথা।’গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে স্নাইডারের আগুন-ঝরা শট আটকে রাখতে পারেননি জাপানি গোলরক্ষক। অবশ্য এ রকমই আরেকটি শটে একটু হলেই জাপান সমতা ফিরিয়ে ফেলেছিল। বদলি হিসেবে মাঠে নামা শিনজি ওকাজাকির শট বারের ওপর নিঃশ্বাস ফেলে উড়ে গেছে ওপর দিয়ে।এই সুযোগটির উদাহরণ টেনে ফন মারউইক আবারও জানালেন, ‘এখন আর সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। জার্মানি আর ফ্রান্সের দিকেই তাকিয়ে দেখুন না।’ রয়টার্স।