জয়-হারের সঙ্গে ওয়াকওভারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে বাংলাদেশ দল খেলতে এলে লজ্জাজনক কিছু একটা হবেই। গেমস-পল্লিতে ফুটবল কর্মকর্তা ফজলুর রহমানের (বাবুল) কক্ষ থেকে মশার ইকেট্রনিক কয়েল খোয়া যাওয়া, আয়োজকদের জরিমানার নোটিশ পাঠানো, এর মধ্যেই উশু খেলোয়াড় আবু বকর ওয়াকওভার দিয়েছেন!বাংলাদেশের কর্মকর্তারা এই খবর শুনে অবাক। বিদেশে এসে না খেলে ওয়াকওভার! জ্বর থাকায় আবু বকর খেলতে পারেননি—উশু দলের তরফে দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হচ্ছে না কর্মকর্তাদের কাছে। এসব খবরের ভিড়ে পরশু জয়ের খবরও আছে। হকি দল ৭-৩ গোলে হারিয়েছে হংকংকে। পেনাল্টি কর্নার থেকেই হ্যাটট্রিকসহ চার গোল করেছেন মামুনুর রহমান। আন্তর্জাতিক হকিতে এটি মামুনুরের সপ্তম হ্যাটট্রিক। এশিয়াডে কোনো বাংলাদেশির প্রথম। রাসেল মাহমুদ (জিমি) করেছেন দুই গোল এবং বাকি গোলটি মাকসুদুল আলমের।জাপানের কাছে ১-৩ গোলে হার দিয়ে শুরু। পরের ম্যাচেই ভারতের কাছে ০-৯ গোলের লজ্জা। ওই পরাজয়ের পর প্রকাশ্য রূপ নিয়েছে হকি দলের অন্তর্দ্বন্দ্ব। জার্মান কোচ পিটার গেরহার্ড রেগেমেগে বলছেন, ‘এটি আমার দল নয়, মামুনের দল (মামুনুর রশিদ প্রধান নির্বাচক)। এই দলের এমন ভরাডুবির দায় আমার নয়!’অধিনায়ক জাহিদ হোসেন কোচকেই দাঁড় করিয়েছেন কাঠগড়ায় , ‘ সন্দেহ হচ্ছে তিনি কখনো হকি খেলেছেন কিনা!’ জাহিদের যুক্তি, ‘ভারতের বিপক্ষে কোচ আমাদের আক্রমণাত্মক খেলিয়েছেন। গোল খাচ্ছি, তবু কোচের নির্দেশ আক্রমণাত্মকই খেলো!’গেরহার্ডকে নিয়ে কিছুদিন আগে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন বলেছিলেন, ‘দল নির্বাচন নিয়ে কথা বলে সে আসলে আগাম অজুহাত খুঁজছে!’ এটাই যদি বোঝেন হকি কর্তারা, তাহলে তাঁকে বাদ দেওয়া হচ্ছে না কেন? কার স্বার্থে এবং কেন এই কোচকেই বহাল রাখা হলো? আবার তাঁকে যদি কোচ রাখাই হয় দল নির্বাচনের ক্ষমতা দেওয়া হবে না, সেটিও বা কেমন! কারও প্রতি কারও সামান্যতম সম্মানবোধ দেখা যাচ্ছে না। হকি দল যেন সার্কাসের দলে পরিণত হয়ে গেছে!আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জাহিদরা খেলছেন শেষ গ্রুপ ম্যাচ। সপ্তম হওয়ার সম্ভাবনা এখনো তাদের ভালোই আছে। ‘পাকিস্তানের বিপক্ষে হার-জিত দুটোই হতে পারে’—বলেছেন গেরহার্ড! যদিও পাকিস্তান দুর্বল হলেও তাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দিবাস্বপ্ন!ওদিকে তায়কোয়ান্দোতে মিজানুর রহমান ও শাম্মী আক্তার প্রথম ম্যাচেই নকআউট। বক্সিংয়ে আবদুর রহিমের হারও প্রথম ম্যাচেই। গলফে বাংলাদেশ পদক পেয়ে যেতে পারে—এমন স্বপ্নের কথা বলা হয়েছিল। কিন্তু পদকের ধারেকাছেও নেই গলফ দল। দলীয় বিভাগে ২০ দলে নবম। ব্যক্তিগত বিভাগে ৮০ জনে সাইয়ুম ১৯তম, সোহেল ২২, জাকির ৩৭ ও দুলাল ৪৪তম।নিজেদের অবস্থান সম্পর্কে কত উচ্চ ধারণাই না পোষণ করতে ভালোবাসেন বাংলাদেশের খেলোয়াড়েরা!