চট্টগ্রামে আজ বিশেষ গর্বের দিন। বিশ্বকাপের খেলা হচ্ছে। বাংলাদেশ আর ইংল্যান্ড। বাংলাদেশ দলের জন্য আজ সবচেয়ে কঠিন দিন। পরবর্তী পর্বে যাওয়া নিশ্চিত করতে হলে আজকে জিততেই হবে। চট্টগ্রামের ছেলে তামিম শুরু করবেন বাংলাদেশের ইনিংস। তাঁর বাবা ইকবাল খান আমার বছর দু-তিনেকের বড় ছিলেন। কাজীর দেউড়ি হলো চট্টগ্রামের ক্রীড়ার রাজধানী, যে পাড়ায় আমরা সবাই একত্রে বড় হয়েছি। আজকে ইকবাল খান নেই। কিন্তু আমরা সবাই আছি, তাঁর ছোট ছেলের খেলা দেখতে। ইকবাল নিজেই ছিলেন অসম্ভব প্রতিভাবান খেলোয়াড়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনে ছিল তাঁর সমান দক্ষতা। পরবর্তীকালে ফুটবলে ম্যারাডোনার পায়ের জাদু দেখে আমার প্রায় কিশোর ইকবালের ফুটবলের ক্ষিপ্রগতির ক্যারি করার কথা মনে পড়ত। ইকবাল পরে ঢাকার প্রথম বিভাগ লিগে কয়েক বছর খেলেছিলেন, সম্ভবত রেলওয়ের হয়ে। ইকবালের ক্রিকেট খেলার ধরনটা ছিল খুব ক্যাজুয়াল। পাড়ার ম্যাচে তখন অত বাঁধাধরা নিয়ম ছিল না। প্যাড না পরেই ইকবাল প্রায় ব্যাটিং ক্রিজে আসতেন। অবলীলায় ছক্কা মারতেন। তামিমের খেলা দেখে আমার ইকবালের খেলার কথা খুব মনে পড়ে। ইকবাল ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। তামিম যেমন ফরোয়ার্ড লেগে এগিয়ে এসে ব্যাট হাঁকান, ইকবাল তেমনটি করতেন না। প্রায় দাঁড়িয়েই শট নিতেন। বল উড়ে চলে যেত। ইকবাল বল করতেন ধীরগতিতে। স্পিন করানোর চেষ্টা করতেন। বস্তুত চট্টগ্রামে তখন ইকবালের মতো সহজাত খেলোয়াড় ছিল না।ইকবালদের কাজির দেউড়ির মোড়ে ছিল খাজা রেস্টুরেন্ট, আর ওয়াসা বিল্ডিংয়ের উল্টো দিকে ছিল একটি পেট্রলপাম্প। সম্ভবত এগুলো এখনো তামিমদের পরিবারের মালিকানায় আছে। ১৯৬৫ সালে যখন ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলো, তখন কাজির দেউড়ির অধিকর্তা কাজিবাড়ির কাজি এনামুল হক পাড়ার তরুণদের কিছু সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলেন। প্রশিক্ষক ছিলেন ব্রিটিশ আমলে হোম গার্ড হিসেবে চাকরি করা এক সাবেক সেনা, নাম মনু মিঞা। এ প্রশিক্ষণ হতো চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্ট-সংলগ্ন মাঠটিতে। মজা ছিল, প্রশিক্ষণের পর মার্চ করে গিয়ে, খাজা হোটেলে একটি পরোটা আর এক কাপ চা খাওয়া। আমরা বলতাম, ‘এক পরোটা এক কাপ চা, লেফট রাইট লেফট।’আরও দুই দশক পর সিজেকেপির কাভার্ড কোর্টে ব্যাডমিন্টন খেলছি, দেখি ইকবাল ঢুকলেন তাঁর স্ত্রীসহ। শুভেচ্ছা বিনিময়ের পর বললেন তিনি কিছুক্ষণ খেলতে পারবেন কি না। অবশ্যই বলে তাঁকে কোর্টে নামালাম। দেখি, তিনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শাটলে স্ট্রোক করছেন। বললাম, ‘কিয়া হো গিয়া ইকবাল ভাই, খেল নেই আতে?’ ইকবাল বললেন, ‘না, হাঁটুতে ব্যথা।’ ট্রাউজার উঁচু করে দেখালেন। দুই হাঁটুর ওপর মোটা ব্যান্ডেজ। পরে ইকবাল মারা যান হাঁটুর হাড়ের রোগে।ইকবাল আসলে চতুর্মাত্রিক লোক ছিলেন। কাজির দেউড়ির সবুজ সংঘ নামের পাড়ার দলের অধিনায়কের দায়িত্ব একসময় ইকবালের কাঁধেও পড়েছিল। তারপর স্বাধীনতার পরপর ইকবালের নেতৃত্বে কেকেআরসি নামের আরেকটি নতুন ক্রিকেট ক্লাব গড়ে ওঠে। ওই কেকেআরসির খেলোয়াড় হিসেবে প্রকাশ পান ইকবালের তৃতীয় ভাই আকরাম খান (জাতীয় দলের সাবেক অধিনায়ক)। আর অন্যদিকে লাভ লেইনের সাইডে গড়ে ওঠে আবেদীন ক্রিকেট ক্লাব, যে ক্লাবে খেলে ক্রিকেটার নান্নু আর তাঁর বড় ভাই নোবেলের ক্রিকেট-যাত্রা শুরু হয়।বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে চট্টগ্রামের অবদান এত বিপুল ছিল যে একসময় সাতজন চট্টগ্রামের খেলোয়াড় জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। এখন সেটা এসে দাঁড়িয়েছে শুধু তামিমে।চট্টগ্রামের ক্রিকেট-ঐতিহ্য, ইকবাল খানের গৌরবদীপ্ত স্মৃতি আর চট্টগ্রামের দর্শকদের বিপুল আশা—সব মিলিয়ে আশা করছি, আজকে একটা ভালো কিছু হবে।