জয়...মার্শাল আর্ট জয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনা কিন্তু আইনে দিতে হবে...।’ কিছুদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত উক্তি ছিল এটি। গতকাল থেকে তা আর ‘আইনে দিতে হবে’র রসিকতায় সীমাবদ্ধ নেই, ‘সোনা তো আইনে দিলাম’-এ রূপ নিয়েছে! ১৯৯৯ কাঠমান্ডু দক্ষিণ এশীয় গেমসের আগে এক সংগঠক তাঁর আঞ্চলিক ভাষায় বলেছিলেন, ‘আমরা আমাদের খেলায় সোনা আইনে দিব।’ কিন্তু সোনা তাঁরা আনতে পারেননি। সেই থেকে পাল্টা রসিকতা চালু হলো—‘সোনা কিন্তু আইনে দিতে হবে।’এবার এসএ গেমস শুরুর আগে চারদিকে যখন ‘আমরা সোনা জিতব’, ‘আমরা সোনা জিতব’ আওয়াজ—তখন থেকে অনেকেই সংগঠকদের দেখলে এগিয়ে গিয়ে বলতেন, ‘ভাইজান, গেমসের পর অজুহাত দিলে চলবে না। সোনা আনবেন বলেছেন, সোনা কিন্তু আইনে দিতেই হবে...।’শূন্য ঘর পূর্ণ করে সোনা এল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আশা করেছিল ১৭টি সোনা। বিওএর আশা পূরণ করে বোনাস সোনাও এল একটি। মোট ১৮টি সোনা—এ তো সোনার মিছিল! আয়োজক হিসেবে আগের দুবারের প্রাপ্তি (১৯৮৫ সালে ৯টি সোনা, ১৯৯৩তে ১১টি) তাই চলে গেল পেছনের পাতায়।কারাতে এভাবে ‘সোনার খনি’ নিয়ে বসে আছে কে জানত! আগে কখনো সোনার নাগাল পাওয়া যায়নি এই খেলায়, এবার একসঙ্গে চার চারটি সোনা জিতে মার্শাল আর্ট ভুক্ত খেলাটি বড় মুখ করে বলতে পারছে, ‘আমরাই তো বেশি সোনা দিলাম!’দাঁড়ান, উশু-তায়কোয়ান্দোর কথাও বলে রাখা দরকার। মার্শাল আর্টের এই দুই খেলা থেকেও এল দুটি করে সোনা। যে মার্শাল আর্টের খেলাগুলোর প্রচার-প্রসার নেই, নেই ছেলেমেয়েদের খুব একটা আগ্রহও; সেই খেলা থেকেই কি না সব মিলিয়ে আটটি সোনা!এত দিন যে এই সোনাগুলো কোথায় ছিল, বলাবলি চলছে সবখানে। জয়, মার্শাল আর্টের জয়! সোনার হিসাবটাই যদি মর্যাদা রক্ষার বড় মানদণ্ড হয়, তাহলে মানটা রাখল তো ওই মার্শাল আর্টই।শ্যুটিংও তাদের মান বাঁচাতে পারল মনে হয়। আগেরবার যেখানে একটি সোনাও নেই, সেখানে এবার তিনটিকেই ‘অনেক’ বলে ধরে নিতে হচ্ছে। একসময় শ্যুটিংয়ে আরও সোনা আসত, সাম্প্রতিক সময়টা ছিল খুবই বাজে। সেই অবস্থা থেকে খানিক ঘুরে দাঁড়িয়ে শ্যুটিং নিজেদের মান কিছুটা হলেও রাখতে পারল, যদিও তিনটি সোনাই ১০ মিটার এয়ার রাইফেলে।গলফ ধনাঢ্য লোকদের খেলা বলে সাধারণ্যে ধারণা, তবে এসএ গেমস আমাদের জানিয়ে দিল, এ দেশে ঘটনাক্রমে জীবিকার তাগিদে বলবয় থেকে গলফার হয়েছেন সাধারণ পরিবারেরই বেশ কয়েকজন ছেলে। সোনা এনে দেওয়ার মিছিলে তাঁরাও শামিল দুটি সোনা নিয়ে। খবরের কাগজ আর টিভিতে যাঁদের জন্য এবার বরাদ্দ মিলল বেশ খানিকটা জায়গা। শাবাশ গলফ!বক্সিংও ভালো করল। সোনার অভিযান যখন শেষ হতে চলেছে, তখনই নবনির্মিত এবং অবশ্যই সুসজ্জিত বক্সিং স্টেডিয়াম হতাশ না করে সোনার হাসিতে ভরাল বাংলাদেশ শিবিরকে। বক্সিংও একটা হাততালি পেতে পারে।ফুটবল-ক্রিকেটের সোনার কথা শেষে বলার কারণ, এগুলোতে জয়টা মোটামুটি প্রত্যাশিতই ছিল। প্রত্যাশা পূরণে দল দুটি পা হড়কায়নি। সবচেয়ে বেশি শ্রমসাপেক্ষ সোনার নামও বোধহয় ফুটবল আর ক্রিকেট। অনেকে তো বলছেন, কিছু সোনা সহজে (কারও কৃতিত্বই ছোট নয়) এলেও ফুটবল-ক্রিকেটে ধারাবাহিক লড়াই করে আনতে হয়েছে। কথাটা অবশ্যই সত্যি।ভারোত্তোলনে পাওয়া একটি সোনা দিয়ে শুরু হয়েছিল এই অভিযান। তবে ভারোত্তোলনে পাওয়া সোনাটা এত সহজে এসেছে যে অনেকের কাছেই তা এক বড় ধাঁধা। প্রতিযোগী ছিলেন তিনজন, দুজনই বাংলাদেশের। গতবারের চেয়ে এবার ১৪ কেজি কম তুলে সোনা জিতে যাওয়া ‘অলৌকিক’ বলেও অনেকের রায়!কিন্তু অস্বস্তিতে আছে অ্যাথলেটিক-সাঁতার। গেমসের অন্যতম সেরা দুটি খেলা। চোখের সামনে দিয়ে ভারত-শ্রীলঙ্কা সোনা নিয়ে গেছে, বাংলাদেশের অ্যাথলেট-সাঁতারুরা নিজেদের সীমাবদ্ধতাটাকে বাধা মেনে বাড়ি ফিরে গেলেন। এই হলো বাস্তবতা। গেমসে আসল খেলা দুটিতেই বাংলাদেশের প্রাপ্তির খেরোখাতায় বলার মতো কিছু নেই! অ্যাথলেটিকস-সাঁতারের সঙ্গে আর্চারি, সাইক্লিং, জুডোও সোনার প্রতিশ্রুতি পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ। সাইক্লিংয়ে সোনা জেতার জন্য প্রতারণার আশ্রয় নিয়ে ধরা পড়া তো ছিল বড় কলঙ্ক। নেপালি খেলোয়াড়দের লিফট দুর্ঘটনাও আয়োজকদের তো বটেই লজ্জায় ফেলেছে পুরো দেশবাসীকেই।এত কিছুর মধ্যে স্লোগান কিন্তু শেষতক ওই একটাই—‘জয়, মার্শাল আর্টের জয়!’