জয়ই ভুলিয়ে দিতে পারে সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন শুরুর আগে মাঠে বসেই লম্বা মিটিং। মূল বক্তা কোচ জেমি সিডন্স ও ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন। কাল সকালে দূর থেকে দৃশ্যটা দেখে কেউ কেউ ভাবল, দুই কোচ মিলে নিশ্চয়ই টিম স্পিরিট বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। প্রথম ম্যাচে পরাজয় এবং পরাজয়-পরবর্তী অধিনায়কের সংবাদ সম্মেলনের ধাক্কায় তো এখন এই জিনিসটারই বড় অভাব থাকার কথা দলের মধ্যে!আসল ঘটনা জানা গেল পরে এবং সেটা আজকের দ্বিতীয় ওয়ানডের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। দুই কোচই কথা বলেছেন আসলে খেলা নিয়ে। ফিল্ডিং কোচ আগের ম্যাচের ভুলভ্রান্তিগুলো তুলে ধরে পরের ম্যাচের দিকনির্দেশনা দিলেন। সিডন্সও বললেন, প্রথম ম্যাচের ফলাফল ভুলে গিয়ে সবাই যেন দ্বিতীয় ম্যাচটাই শুধু মাথায় রাখে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মিশনটা নতুন করে শুরু হোক এ ম্যাচ থেকেই।হ্যাঁ, একটা নতুন শুরুই দরকার আসলে বাংলাদেশ দলের। মাঠ এবং মাঠের বাইরে দুই দিন ধরে যে নেতিবাচক হাওয়া বয়ে বেড়াল, সেটাকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিতে দরকার জয়োৎসব। সিরিজের বাকি চার ম্যাচে জিম্বাবুয়েকে দুমড়েমুচড়ে দিয়েই কেবল বাংলাদেশ পারে ভেতরের বিষবাষ্পটা বের করে দিতে।নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করার পর এটা এখন বাংলাদেশ দলের কর্তব্যের মধ্যেই পড়ে। জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখাতে না পারলে আবার কিসের ঘুরে দাঁড়ানো! এই প্রত্যয় দলের সবার মধ্যেই। পরশু ম্যাচ শেষে ড্রেসিংরুমের দরজায় দাঁড়ানো ট্রেনার গ্রান্ট লুডেন থেকে শুরু করে কাল অনুশীলন শেষে মিডিয়ার সামনে দাঁড়ানো বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক, সবার মধ্যেই দুর্দান্ত এক ফিরে আসার প্রতিজ্ঞা। মুষ্টি পাকিয়ে ‘গুড টিম উইল বাউন্স ব্যাক, ইউ ক্যান ইউজ ইট...’ কথাগুলো বলার সময় লুডেনের কপালের শিরা যেমন তিরতির করে কাঁপছিল, কাল রাজ্জাকের মুখভঙ্গিতেও জবাব দেওয়ার দৃঢ়তা, ‘হারায় সবারই খারাপ লেগেছে। তবে আমরা ফিরে আসব। আগেও প্রথম ম্যাচে হেরে আমরা সিরিজ জিতেছি, এবারও তা-ই হবে ইনশাআল্লাহ।’কালকের অনুশীলনে একমাত্র ফিল্ডিংটাই বাধ্যতামূলক ছিল সবার জন্য। ব্যাটিং-বোলিংয়ে যাঁর যেমন ইচ্ছা কাজ করেছেন। তামিম ইকবাল ও আশরাফুল যেমন ছক্কা মারার অনুশীলন করলেন বেশি। আশরাফুলের সঙ্গে অবশ্য কিছুটা সময় আলাদা করেও কাটিয়েছেন সিডন্স। প্রথম ম্যাচে যে শট খেলে তিনি আউট হলেন, কোচ সম্ভবত সেটা সঠিকভাবে খেলার উপায়টাই শেখাতে চাইলেন। আশরাফুল শিখলেন কি না তিনিই ভালো জানেন, তবে শিখে থাকলেও অন্তত আজ সেটা কাজে লাগানোর উপায় নেই। প্রথম ম্যাচে অবিবেচকের মতো আউট হয়ে দ্বিতীয় ওয়ানডের দলে নিজের জায়গাটা রকিবুলকে ‘উপহার’ দিয়ে দিয়েছেন তিনি! রকিবুলের সঙ্গে আজ দলে ঢুকে যেতে পারেন নাঈম ইসলামও। সে ক্ষেত্রে বাদ পড়বেন মাহমুদউল্লাহ।সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন নিয়ে আলোচনার ভিড়ে কাল আশরাফুলের বাদ পড়াটাই বড় খবর ছিল। প্রথম ম্যাচের আগে কোচের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন, প্রথম তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবেন। অথচ এখন প্রথম ম্যাচের পরই বাদ! যতটুকু জানা গেছে, প্রথম ম্যাচে আশরাফুলের আউট হওয়ার ধরনটাকে চূড়ান্ত অমনোযোগিতার উদাহরণ হিসেবে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে টানা তিন ম্যাচ খেলার সুযোগটা হারালেন আশরাফুল।আগের ম্যাচের ভুলত্রুটি শোধরানোর সঙ্গে খেলোয়াড় তালিকায়ও ‘শুদ্ধতা’ আনার চেষ্টা, সিরিজে ফেরার তাড়নাটা বোঝাই যায় বাংলাদেশ দলের। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য আজকের ম্যাচটা সিরিজ জয়ের লক্ষ্যে আরেকটু এগিয়ে যাওয়ার। প্রথম ম্যাচটা শেষ পর্যন্ত ৯ রানে জিতে গেলেও খেলা শেষে অধিনায়ক এলটন চিগুম্বুরার কথায় ব্যাটিং নিয়ে কিঞ্চিৎ অসন্তুষ্টি ছিল। কাল সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারও নিশ্চয়ই নোট বুকে টুকে নিয়েছেন সমস্যাটা। যদিও অনুশীলন শেষে অন্য কথাই বললেন, ‘২০৯ রানও কিন্তু কম নয় এই উইকেটে। আমার ধারণা, সিরিজের বাকি ম্যাচগুলোও লো-স্কোরিং হবে।’বাংলাদেশের মাটিতে ফ্লাওয়ার যে দুটি টেস্ট আর পাঁচটি ওয়ানডে খেলেছেন, তার কোনোটাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নয়। অথচ শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটকে মাত্র কয়েক ঘণ্টায় পড়ে ফেললেন ফ্লাওয়ার! তাঁর অনুমান আসলে পরিসংখ্যানভিত্তিক। কিন্তু পরিসংখ্যান যে সব সময়ই ভবিষ্যদ্বক্তা নয়, সেটা কি জানেন না ফ্লাওয়ার?নিশ্চয়ই জানেন। প্রথম ম্যাচে জয়ের পরও তাই সিরিজ জয়ের স্বপ্নে ডুবে না গিয়ে এখনো ম্যাচ ধরে ধরে এগোনোর কথাই বলছে দল। যেটা এই সিরিজে বাংলাদেশ দলেরও ‘স্লোগান’। প্রথম ম্যাচে হারের হতাশা আপাতত এই স্লোগান দিয়েই চেপে রাখছে সাকিবের দল।