জয়ই শেষ কথা নেইমারের
বাস থেকে তিনি নামলেন। এগিয়ে গেলেন সতীর্থদের সঙ্গে খুনসুটি করতে করতে। অনুশীলনে ছুটলেন, লাফালেন, ঝাঁপালেন। বল পায়ে চেনা কারিকুরিও দেখালেন। নেইমার হাসলেন এবং হাসালেন!
ম্যাচ হোক বা অনুশীলন, এমনিতেই তাঁর দিকে চোখ থাকে সবচেয়ে বেশি। পরশু তেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলনে সংবাদকর্মীদের চোখ আরও বেশি বিদ্ধ, ক্যামেরার চোখ শুধু তাঁর দিকেই। অনুশীলনে স্বচ্ছন্দ দেখেও সংশয় কাটে না। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে যথারীতি প্রথম প্রসঙ্গ চোট। মুখে হাসি নিয়ে নেইমারের উত্তর, ‘আই অ্যাম ফাইন। ইউ ক্যান রিলাক্স।’ শুনে স্বস্তির নিঃশ্বাস ব্রাজিলিয়ান সংবাদকর্মীদের। যে স্বস্তির ঢেউ ওই সংবাদ সম্মেলনকক্ষ থেকে ছড়িয়ে গেল গোটা ব্রাজিলেই। হাঁটুতে ব্যথা নেই, ঊরুর চোটও সেরে গেছে। আজ ব্রাজিলকে শেষ চারে তোলার লড়াইয়ে পুরো ফিট হয়েই নামছেন নেইমার।
এই বিশ্বকাপে ব্রাজিলের যা পারফরম্যান্স, তাতে নেইমার না খেললে সেমিফাইনাল আশা হয়ে যেত দুরাশা। সতীর্থরাও হয়তো মানসিকভাবে হেরে বসতেন মাঠে নামার আগেই। নেইমারই কেবল ছিলেন স্ফুলিঙ্গ, বাকি গোটা দল নিষ্প্রভ। ব্রাজিলের ফুটবল না মন ভরাতে পেরেছে ব্রাজিলিয়ানদের, না বাকি ফুটবল-বিশ্বের। জোগো বনিতোর দিন তো ব্রাজিল পেরিয়ে এসেছে সেই কবেই। নিজেদের সামর্থ্য অনুযায়ীও খেলতে পারছে না লুইস ফেলিপে স্কলারির দল।
তবে তাতে খুব বেশি সমস্যাও দেখছেন না নেইমার, যতক্ষণ জিতছে দল! সৌভাগ্যের ছোঁয়ায় পাওয়া পেনাল্টিতে হোক বা শেষ মুহূর্তে প্রতিপক্ষের শট পোস্টে লেগে বা টাইব্রেকারে প্রতিপক্ষের ব্যর্থতায়, ব্রাজিল জিতছে এবং আজ কোয়ার্টার ফাইনালের মঞ্চে। নেইমারের কাছেও আপাতত জয়টাই আসল, ‘ফুটবল ম্যাচ সব সময় পার্টি নয়। নয় কোনো প্রদর্শনী। আমরা চোখধাঁধানো কিছু করতে মাঠে নামছি না। অমন কিছু করতেও চাই না। আমরা মাঠে নামি শেষ মুহূর্ত পর্যন্ত ছুটতে, নিজেদের উজাড় করে দিতে, যতক্ষণ না জিতছি এবং ক্লান্ত হচ্ছি।’
কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল মানে তো শুধু ছোটাছুটি নয়! অনেক ব্রাজিলিয়ানের কাছে, বিশ্বজুড়ে অনেক ভক্ত-সমর্থকের কাছে ব্রাজিলের ফুটবল মানে শুধু জয় নয়, চোখ আর মনের প্রশান্তিও। এই ব্রাজিলিয়ান দলে সেই প্রশান্তি সবচেয়ে বেশি দিতে পারেন নেইমারই। তবে নেইমারও যেনতেনভাবে জিতলেই খুশি, ‘এমন যদি হয় পুরো ম্যাচ আমি কিছু করতে পারলাম না, আমরা শুধু ডিফেন্স করেই গেলাম এবং শেষ পর্যন্ত ১-০-তে জিতলাম, সেটাই হবে দারুণ কিছু। আমি তাতেই খুশি।’
নেইমারের কথায় সুন্দর ফুটবলের পূজারিরা আহত হতে পারেন। কিন্তু এখনকার বাস্তবতায় এর বিকল্প কিছু দেখছেন না ব্রাজিলের ভরসা, ‘সব সময় তো আর উপভোগ্য ফুটবল খেলা যায় না। ৪-০, ৫-০-তে জয়ও সব সময় সম্ভব নয়। এখন ফুটবল অনেক কঠিন। এখন দলগুলো এত কাছাকাছি এবং এতটা সমতা যে মাঠে যারা বেশি নিবেদিত এবং নিজেদের উজাড় করে দেয়, শেষ পর্যন্ত তারাই জেতে।’
আজকের ম্যাচের ব্রাজিল সম্পর্কে একটা ধারণা দিতে পারে নেইমারের কথাই। দুই লাতিন দল মুখোমুখি হলেও ফোর্তালেজায় আজ নেইমারদের পায়ে লাতিন সৌন্দর্যের ফুল আশা না করাই ভালো। অপেক্ষা কেবল ফলের! ফিফাডটকম, গোলডটকম, ইয়াহু স্পোর্টস, ইএসপিএন।