জয়টা ভারতেরই প্রাপ্য ছিল: আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগের আসরগুলোতে চারটি ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানকে। এবার ভারতকে পরাজয়ের স্বাদ দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলেন আফ্রিদি; কিন্তু হলো না। আরও একবার হতাশাই সঙ্গী হলো পাকিস্তান শিবিরের। গতকাল চরম উত্তাপ-উত্তেজনায় ঠাসা মোহালির মহারণে জিততে জিততেও জেতা হলো না পাকিস্তানের। ২৯ রানের এ হারের পর অবশ্য পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি জয়ের পুরো কৃতিত্ব ভারতকেই দিয়েছেন।ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ভারত খুব ভালো খেলেছে। সব কৃতিত্বই তাদের প্রাপ্য। আমরা গোটা ম্যাচটাতেই অসংখ্য ভুল করেছি। বিশেষত আমাদের ফিল্ডিং খুবই বাজে হয়েছে। অনেকগুলো ক্যাচ ফেলেছি। ব্যাটিংয়েও অনেকে আউট হয়েছে বাজে কিছু শট খেলে। ২৬০ রান তাড়া করা খুব বেশি কঠিন ছিল না। কিন্তু আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। ভারত যেভাবে প্রচণ্ড চাপ সামলে খেলতে পেরেছে, আমরা সেটাও পারিনি।’ তবে বিশ্বকাপ জয়ের আশা পূর্ণ না হলেও প্রাপ্তিটাও কম না পাকিস্তানের। স্পট ফিক্সিং বিতর্ক, ধারাবাহিক পারফরমেন্সের অভাব, অধিনায়ক নির্বাচনে জটিলতা—সবকিছু পেরিয়ে পাকিস্তান যে সেমিফাইনাল পর্যন্ত আসতে পারবে—এটাই তো কেউ ভাবতে পারেনি। ভারতের বিপক্ষে ‘হাই ভোল্টেজ’ ম্যাচটাতে জিততে না পারলেও পাকিস্তানের বিশ্বকাপ মিশন নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন আফ্রিদি। বলেছেন, ‘আমি আমার দল নিয়ে খুবই গর্বিত। বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েক মাস আমরা খুব কঠিন সময় পার করেছি। কিন্তু তার পরও এখানে আমরা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছি। কেউই ভাবেনি আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারব। অধিনায়ক হিসেবে আমার বিশ্বকাপ যাত্রাটা স্মরণীয় করে রাখার জন্য পিসিবি, টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি।’ ওয়েবসাইট।