জয়টা শেষ পর্যন্ত পিস্টোরিয়াসেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের ৪০০ মিটার ইভেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেই ইতিহাস গড়েছেন অস্কার পিস্টোরিয়াস। দু-পা ছাড়াই অংশ নিয়েছেন সক্ষমদের অলিম্পিকে। সেমিফাইনালে অবশ্য আর পেরে ওঠেননি। ৪৬.৫৪ সেকেন্ড সময় নিয়ে সবার পেছনে থেকে শেষ করেছেন দৌড়। পদকটা জিততে না পারলেও মানুষের হূদয় জয় করেই দেশে ফিরছেন এই প্রতিবন্ধী অ্যাথলেট। ইচ্ছাশক্তির পরিপূর্ণ উন্মেষ ঘটিয়ে অস্কার পিস্টোরিয়াস মাথা হেঁট করে দিয়েছেন অনেক সক্ষম দৌড়বিদেরই। অলিম্পিকের ইতিহাসে নিজের জন্য একটা জায়গা বরাদ্দ নিয়েই দেশে ফিরবেন তিনি। তবে এই অ্যাথলেট নিজেও অভিভূত মানুষের ভালোবাসায়, সমর্থনে।দুটো পা-ই নিচের দিকে নেই। তাতে লাগানো আছে কার্বন ফাইবার দিয়ে বানানো ব্লেড। ব্লেড রানার হিসেবে পরিচিত পিস্টোরিয়াস প্যারা অলিম্পিকে এর আগে চারবার জিতেছিলেন সোনার পদক। কৃত্রিম পায়ে তিনি বাড়তি সুযোগ পাচ্ছেন—এই ধঁয়া তুলে অনেক দিন ধরেই তাঁকে বঞ্চিত রাখা হয়েছিল অলিম্পিকের মূল আসরে খেলা থেকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আইনি লড়াই করেই পিস্টোরিয়াস ফিরে পেয়েছেন নিজের অধিকার। অলিম্পিকে দৌড়ের ট্র্যাকে নেমে তিনি দর্শকদের যে সমর্থন পেয়েছেন, তাতে তিনি দারুণ উচ্ছ্বসিত। সেমিফাইনালে উঠে সবার পেছনে দৌড় শেষ করায়ও তাই কোনো দুঃখ নেই পিস্টোরিয়াসের। সেমিফাইনালে ওঠাটাই যে তাঁর লক্ষ্য ছিল, সেটা জানিয়ে পিস্টোরিয়াস বলেছেন, ‘আমি কীভাবে এই অনুভূতি বর্ণনা করব বুঝতে পারছি না। দর্শকদের এই সমর্থন পেয়ে আমি অভিভূত। এটা খুবই অনন্য অভিজ্ঞতা। আমি এখানে কিছু প্রমাণ করতে আসিনি। আমি শুধু আমার সর্বোচ্চ শক্তি দিয়ে পারফর্ম করার চেষ্টা করেছি।’ ওয়েবসাইট।