জয়তিলক আঁকবেন দিলশান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬। পুরো ইডেনকে কাঁদিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২০১১? এবার কি মুম্বাইকে কাঁদানোর পালা? নাকি শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে এসেও, ছুঁতে ছুঁতে অধরা থেকে যাওয়ার হতাশা নিয়ে কাঁদবে শ্রীলঙ্কাই?ট্রেভর বেলিস প্রথম সম্ভাবনা কিংবা শঙ্কাটিকে পাত্তাই দিচ্ছেন না। এমনিতে দলের মূল বোলার মুত্তিয়া মুরালিধরনের চোট, অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়েও সংশয়—ভারতীয় মিডিয়া পেয়ে গেছে শ্রীলঙ্কার ওপর চড়ে বসার রসদ। কিন্তু শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ান কোচ বলছেন, চোট কোনো সমস্যাই নয়!‘মুরালির খেলার ভালো সম্ভাবনা আছে। সেমিফাইনালে ও পুরো ১০ ওভার বোলিং করেছে। ও এমন দৃঢ় চরিত্রের, আমি জানি, শারীরিকভাবে অস্বস্তি বোধ করলেও ও এই ম্যাচটা খেলবে’—নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটাতে মুরালি যে দর্শক হয়ে যেতে চান না, বেলিসের কথাতেই সেটা স্পষ্ট। সেমিফাইনালে খোঁড়া পা নিয়ে খেলতে নেমে ক্ষণিকের উত্তেজনায় জল ঢেলে দিয়েছিলেন ম্যাথুস। তাঁকে ফাইনালে পাওয়ার ব্যাপারেও আশাবাদী কোচ। চামিন্ডা ভাস আর সুরাজ রণদিভকে যে ডাকা হয়েছে, এর পেছনে মুরালি-ম্যাথুসের ব্যাপারে কোনো অনিশ্চয়তা থেকে নয়; বরং সাবধানতার জন্য। বেলিসের দাবি তেমনটাই, ‘আমরা আসলে ওদের সতর্কতার জন্যই ডেকেছি। মুরালিধরন আর ম্যাথুসের ফিটনেসের অবস্থা শেষ মুহূর্ত পর্যন্ত দেখা হবে।’বেলিসের কথা শুনে এমনও মনে হতে পারে, মুরালি-ম্যাথুস না খেললেও সমস্যা নেই। তিলকরত্নে দিলশান আছেন না! সত্যিই যেন দিনকে দিন দিলশানের শান-শওকত বেড়েই যাচ্ছে। ২ সেঞ্চুরি আর ২ ফিফটিসহ ৪৬৭ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক দিলশানই। পাশাপাশি আছে মাত্র ১৪.১৪ গড়ে নেওয়া সাত উইকেট। ব্যাট হাতে ওপেন তো করেনই, প্রয়োজনে ওপেনিং বোলার হিসেবেও এই বিশ্বকাপে দেখা গেছে তাঁকে!বেলিস তাই বলছেন, ‘ও আসলে জাত লড়াকু। পরিস্থিতি যেমনই থাক, ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। খাঁটি অলরাউন্ড বলতে যা বোঝায়, দিলশান তা-ই। ব্যাট হাতে ওপেন করেছে, বল হাতেও। টেস্ট ম্যাচে ও উইকেটকিপিংও করেছে!’ বেলিস মনে করেন, দিলশান ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠবেন, কারণ ম্যাচটি ফাইনাল, ‘ও আসলে বড় মঞ্চে, অনেক দর্শকের সামনে পারফর্ম করতে ভালোবাসে। এই টুর্নামেন্টে ও আমাদের এতটা দূর এগিয়ে নিয়ে এসেছে।’ফাইনালের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে! বেলিস আত্মবিশ্বাসী, এদিনও দিলশানে সওয়ার হয়ে জয়ের বন্দরে পৌঁছাবে শ্রীলঙ্কা। এমনকি ভারতের বিপক্ষে ভারতের মাটিতে শ্রীলঙ্কার রেকর্ড যে ভালো নয় (৪২ ম্যাচের ২৮টি জিতেছে ভারত, ১১টি শ্রীলঙ্কা; সর্বশেষ ৬ ম্যাচের ৫টিই জিতেছে ভারত), তাতেও বেলিসের আত্মবিশ্বাস টলছে না।নিজ মাঠে খেলা এবার ভারতের জন্য ‘বরে শাপ’ হয়ে যাবে বলে মনে করেন বেলিস, ‘এই টুর্নামেন্টের পুরোটাই আমরা ভালো খেলেছি। ভারতের বিপক্ষেও ভালো খেলেছি এর আগে। তা ছাড়া, নিজেদের মাঠে খেলবে বলে ওরা বরং চাপের মধ্যেই থাকবে। আমরাও কিন্তু মুম্বাইয়ের কন্ডিশনের সঙ্গে পরিচিত।’কোত্থেকে এত আত্মবিশ্বাস পাচ্ছে শ্রীলঙ্কা? পাচ্ছে ভারতের সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যানে। মুখোমুখি লড়াইয়ের সর্বশেষ ছয় ম্যাচের চারটি তো জিতেছে তারাই। কিন্তু বেলিসও নিশ্চয়ই ভালো করে জানেন, মাঠে পরিসংখ্যান খেলে না, খেলেন দুই দলের ক্রিকেটাররাই!