জয়বঞ্চিতই থাকল দিল্লি
আইপিএলের ষষ্ঠ আসরের ষষ্ঠ ম্যাচে এসেও জয়ের দেখা পেল না দিল্লি ডেয়ারডেভিলস। আজ তারা ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংসের কাচে। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয় ৮৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেছেন কেদার যাদব।১৭০ রান তাড়া করতে নেমে উল্লেখযোগ্য কোনো জুটিই গড়তে পারেননি দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে জীবন মেন্ডিস ও কেদার যাদবের ৩১ রানের জুটিটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। চেন্নাইয়ের মোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, অ্যালবি মরকেলদের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় মাহেলা জয়াবর্ধনের দল। দিল্লির মাত্র তিনজন ব্যাটসম্যান, কেদার যাদব (৩১), বিরেন্দর শেবাগ (১৭) ও জীবন মেন্ডিস (১২) ছাড়া আর কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোটা। মাত্র ১০ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন মোহিত শর্মা। অশ্বিন পেয়েছেন দুইটি উইকেট।