জয়া-সাঙ্গাকে রানাতুঙ্গার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে
কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে

বীরের বেশেই দেশে ফিরেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। ১৮ বছর পর আবার বিশ্বসেরার মুকুট পরেছিল শ্রীলঙ্কা। এখন তো সময়টাকে তাড়িয়ে উপভোগ করার করা এই দুই তারকার। কিন্তু সেটা হয়নি। দেশে ফিরেই বিবাদে জড়ালেন ক্রিকেট বোর্ডের সঙ্গে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত তাঁরা নাকি গণমাধ্যমকে জানিয়েছিলেন বোর্ডের সঙ্গে আলোচনা না করেই। এমন অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেননি সাঙ্গাকারা-জয়াবর্ধনেও। আর চলমান এই বিতর্কে তাঁরা ইতিমধ্যে পাশে পেয়ে গেছেন লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গাকে। জয়া-সাঙ্গা খুবই সঠিক সময়ে অবসরের ঘোষণা দিয়েছে বলেই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক।

বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা। এর আগের বেশ কয়েকটি ফাইনালে হতাশ হতে হলেও বিদায়বেলায় শিরোপা জয়ের স্বাদটা ঠিকই নিতে পেরেছেন লঙ্কান ক্রিকেটের দুই প্রধান ব্যাটিং স্তম্ভ। ট্রফি হাতে সতীর্থদের কাঁধে চড়ে বিদায়টা যে বর্ণিলই হয়েছে, সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। কিন্তু আনন্দটাই যেন মাটি করে দিচ্ছে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদ। এখন রানাতুঙ্গার কথায় হয়তো কিছুটা জ্বালা জুড়াতে পারবেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা খুবই সঠিক ছিল বলে মনে করছেন ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক, ‘ভালো ক্রিকেটার তারাই, যারা জানে বিদায় নেওয়ার সঠিক সময় কোনটা। আগেও আমরা দেখেছি, টি-টোয়েন্টি তরুণদের খেলা। আমি নিশ্চিত যে তারা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন রানাতুঙ্গা। অভিজ্ঞদের পাশাপাশি নতুন খেলোয়াড়দের নৈপুণ্যে বিশেষভাবে উজ্জীবিত হয়েছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক, ‘এই টুর্নামেন্টে নতুন খেলোয়াড়েরা অনেক অবদান রেখেছে। অবশ্যই আমাদের মাহেলা ও সাঙ্গাকারার পাশাপাশি মালিঙ্গার কথা বলতে হবে। সে খুবই ভালো বোলিং করেছে। কিন্তু আমার মনে হয় প্রত্যেক খেলোয়াড়ই বিশেষ অবদান রেখেছে। সাধারণত এ ধরনের টুর্নামেন্টে কয়েকজন নায়ক বনে যায়। কিন্তু আমি দেখলাম যে তরুণ ও অভিজ্ঞ সবাই-ই অবদান রেখেছে। নতুন খেলোয়াড়েরাও এ পর্যায়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে, এটা শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই ভালো লক্ষণ।’ পিটিআই।