জয়া-সাঙ্গাকে রানাতুঙ্গার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজয়ের উৎসবের মধ্যেই প্রকাশ্য হয়েছে সম্পর্কের টানাপোড়েনের তিক্ততা। অবসর-বিতর্কে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কথার লড়াই চলছে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার। সাধারণ্যের সহমত অবশ্যই জয়া-সাঙ্গার সঙ্গে। লঙ্কান ক্রিকেটের দুই কিংবদন্তি এবার পাশে পাচ্ছেন আরেক কিংবদন্তিকে। অর্জুনা রানাতুঙ্গার মতে, ঠিক সময়েই অবসর নিয়েছেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা।
দেড় যুগ পর দেশকে বিশ্ব শিরোপা এনে দেওয়া দল যখন নানা আয়োজনে অভিনন্দিত হচ্ছে, পাশাপাশিই চলছে দলের দুই মহিরুহের অবসর-বিতর্ক। কিন্তু বোর্ডের অসন্তুষ্টির কারণ খুঁজে পাচ্ছেন না রানাতুঙ্গা, ‘অন্য আর সবার চেয়ে ক্রিকেটাররা নিজেরাই সবচেয়ে ভালো জানে, কখন বিদায়ের সময় হয়েছে। আগেও আমরা অনেকবার দেখেছি, টি-টোয়েন্টি মূলত তরুণদের খেলা। আমি নিশ্চিত, ওরা দুজন সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
ইনসাইড স্পোর্টস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলের তরুণদেরও। এমনিতে টি-টোয়েন্টির প্রতি মোটেও সুনজর নেই রানাতুঙ্গার। কিন্তু বিশ্ব শিরোপা এমনই একটি ব্যাপার যে বিরক্তিগুলোও রূপ নেয় মুগ্ধতায়। রানাতুঙ্গা যেমন মুগ্ধ দলের পারফরম্যান্সে। তাঁর নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা, গড়ে উঠেছিল দলীয় ঐক্য। এই দলটারও এই দিকটাই ভালো লেগেছে রানাতুঙ্গার, ‘টুর্নামেন্টের দিকে ফিরে তাকালে দেখতে পাবেন, দলের তরুণদের অবদান ছিল অনেক বড়। মাহেলা-সাঙ্গাদের কথা হবে, মালিঙ্গার কথা বলা হবে, কিন্তু আমার মতে দলের সবাই বিশেষ অবদান রেখেছে। এমনিতে এ ধরনের বড় টুর্নামেন্টে শিরোপা জিতলে একজন-দুজন বড় নায়ক থাকেন। কিন্তু এবার আমাদের সিনিয়র, তরুণ সবাই কিছু না-কিছু অবদান রেখেছে। লঙ্কান ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটা দারুণ ব্যাপার।’
রানাতুঙ্গার কথার সাক্ষ্য দিচ্ছে টুর্নামেন্ট-সেরা একাদশও। চ্যাম্পিয়ন দলের মাত্র একজনই সুযোগ পেয়েছেন টুর্নামেন্ট-সেরা একাদশে—লাসিথ মালিঙ্গা। গোটা টুর্নামেন্টে একটি মাত্র ফিফটি জয়াবর্ধনের, ফাইনালের আগে পুরো নিষ্প্রভ ছিলেন সাঙ্গাকারা। দলের ‘আনসাং হিরোদের’ কথা বলেছেন রানাতুঙ্গা, ‘কুলাসেকারা, সাচিত্রা সেনানায়েকে, কুশল পেরেরা ও রঙ্গনা হেরাথের মতো অনেকেই আড়াল থেকে আলো ছড়িয়ে গেছেন। সাচিত্রা গোটা টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো বল করেছে, কুলা কঠিন সময়ে নিজেকে মেলে ধরেছে। রঙ্গা শুরুতে সুযোগই পায়নি। অথচ দলের আসার পর থেকেই উইকেট নিয়েছে, রানটাও আটকে রেখেছে। আর কুশল আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাঙ্গা-জয়া-দিলশানের ওপর চাপ কমিয়ে দিয়েছে। সনাৎ জয়াসুরিয়ার মতোই খেলেছে সে। কখনো কখনো মনে হতে পারে বাজে শট খেলে আউট হয়েছে, কিন্তু ওর খেলার ধরনই তো এটা!’
অধিনায়ক হয়েও একাদশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য চান্ডিমাল আলাদা প্রশংসা পেয়েছেন পূর্বসূরির, ‘চান্ডি নিজে ভালো ফর্মে না থাকলেও ওর নেতৃত্বে দল কিন্তু ভালো করছিল, র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছিল। আর অধিনায়ককে বাদ দেওয়ার অধিকার কারও নেই। জয়ী সমন্বয় ধরে রাখার জন্য সে নিজে যদি নিজের জায়গাটা বিসর্জন দেয়, ওর অনেক বড় কৃতিত্ব প্রাপ্য। অন্য ক্রিকেটারদের জন্য অনেক বড় উদাহরণ সৃষ্টি করেছে সে।’ ওয়েবসাইট।