জয়াবর্ধনে অধিনায়ক, অধিনায়ক নন!
‘কী, কাল আপনি টস করতে নামছেন তো?’মাহেলা জয়াবর্ধনের মুখে দুষ্টুমির হাসি, ‘দেখা যাক। এখনই বলতে পারছি না।’কৌতূহলটা জিইয়ে রাখতে চাইলেন। তবে সিদ্ধান্ত আসলে হয়েই আছে। আজ সেমিফাইনালে মোহাম্মদ হাফিজের সঙ্গে যে-ই টস করতে নামুন, সেটি মাহেলা জয়াবর্ধনে বা অ্যাঞ্জেলো ম্যাথুস হবেন না। সেমিফাইনাল মিস করার ঝুঁকি যিনি নেননি, তিনি কি আর ফাইনাল মিস করার ঝুঁকি নেবেন?কাল দুপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এলেন। আজ ম্যাচ শেষেও হয়তো তিনিই আসবেন। মাঠে অধিনায়কত্বও করবেন। অথচ রেকর্ড বইয়ে এই ম্যাচের শ্রীলঙ্কা অধিনায়ক হিসেবে নাম লেখা থাকবে অন্য কারও। গত সোমবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেমন লেখা আছে কুমার সাঙ্গাকারার নাম।আইন যেমন আছে, সেটির ফাঁকফোকরও আছে। সেটিই খুঁজে বের করেছে শ্রীলঙ্কা। স্লো ওভাররেটের কারণে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা আছে জয়াবর্ধনের ওপর। আবার একই ‘অপরাধ’ করলে এক ম্যাচ নিষিদ্ধ। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে কে সেই ঝুঁকি নিতে যায়! যেখানে জয়াবর্ধনে বারবার বলছেন, এক ঘণ্টা ২০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করা খুব কঠিন কাজ।জয়াবর্ধনে টস করতে না নামলে নিয়ম অনুযায়ী তা করার কথা সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের। কিন্তু তাঁর ওপরও ঝুলছে একই শাস্তির খাঁড়া। শ্রীলঙ্কা তাই খুঁজে বের করেছে ‘নিষ্পাপ’ একজনকে—কুমার সাঙ্গাকারা। কড়া শাসনের মধ্যে দুষ্টুমি করে পার পেয়ে গেলে শিশু-কিশোররা যেমন দেয়, জয়াবর্ধনে তেমনই ফিচকে হাসি দিয়ে বলছেন, ‘যাঁকে-তাঁকে তো আমরা টস করতে পাঠাচ্ছি না। সাঙ্গা নামী ক্রিকেটার।’কিন্তু অনেকে যে বলছেন, এটি ক্রিকেটের চেতনাবিরোধী হয়ে যাচ্ছে! যা শুনে জয়াবর্ধনে যারপরনাই অবাক, ‘কেন, তা হবে কেন? নানা জনের নানা মত থাকতে পারে। তবে আমাকে কেউ এমন কিছু বলেনি। আমরা একটা সমস্যায় পড়ে সবাই মিলে ভেবেচিন্তে একটা উপায় বের করেছি। এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য তো নেই। এতে কোনো অন্যায়ও নেই। কোনো খেলোয়াড় বা কোনো দলের ক্ষতি তো আর করছি না।’ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষ অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বলে জানালেন। ব্রড কোনো সমস্যা দেখেননি। জয়াবর্ধনে তো দেখছেনই না, বরং এটিকে দাবি করছেন ‘ট্যাকটিক্যাল’ একটা সিদ্ধান্ত বলে, ‘এটা ব্যাটিং-অর্ডার বা বোলিং পরিবর্তন করার মতোই একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। আমরা তো স্কোয়াডের বাইরে থেকে কাউকে অধিনায়ক করে আনিনি।’একই সমস্যায় পড়লে ভবিষ্যতে অন্য দলগুলোও শ্রীলঙ্কার দেখানো পথেই হাঁটতে চাইবে। আইসিসিরও তাই আইনের এই ফাঁকটা বন্ধ করতে তৎপর হয়ে ওঠার কথা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই জয়াবর্ধনে বলেছেন, ‘আমি জানি, আইনটা পরিবর্তন হতে যাচ্ছে। শুধু আশা করি, এই টুর্নামেন্ট চলাকালে তা হবে না।’হচ্ছেও না। আইসিসির মুখপাত্র জানালেন, যেকোনো টুর্নামেন্ট শেষেই প্লেয়িং কন্ডিশন ও আচরণবিধির একটা পর্যালোচনা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও তা হবে। অনুমান করাই যায়, এবারের পর্যালোচনার মূল বিষয়ই হবে শ্রীলঙ্কার এই অভিনব ‘কৌশল’।