আগামীকাল যদি শিরোপা জিতেই যায় শ্রীলঙ্কা, কী প্রতিক্রিয়া হবে অর্জুনা রানাতুঙ্গার? তিনি টি-টোয়েন্টির ঘোর বিরোধী। টাকার ঝনঝনানি গাভাস্কার-শাস্ত্রী-আকরামদের মুখ বন্ধ করিয়ে দিয়েছে বটে, কিন্তু রানাতুঙ্গা ক্রিকেটের এই মিনিয়েচারের বিরুদ্ধে সোচ্চার। টি-টোয়েন্টি তাঁর কাছে ৫ মিনিটের ম্যাগি নুডলসের বেশি কিছু নয়। কিন্তু এও তো সত্যি, আগামীকাল শ্রীলঙ্কা জিতলে সেটি একটা ‘বিশ্বকাপ’ জেতাই হবে। রানাতুঙ্গার পর বিশ্ব শিরোপা যে ওঠেনি আর কোনো লঙ্কান অধিনায়কের হাতে। দেখতে দেখতে অপেক্ষার সেই গাছটি এখন ১৬ বছরে ‘কিশোর’।১৯৯৬ সালের পর শ্রীলঙ্কা বিশ্বমঞ্চের ফাইনালে এ নিয়ে উঠল চারবার। ৫০ ওভারের গত দুটি বিশ্বকাপ ফাইনাইলেই উঠেছে তারা (২০০৭ ও ২০১১)। এবারের আগে ২০০৯-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল। আগের তিনবারই প্রতিপক্ষের বিজয়োৎসব দেখেছে। জয়াবর্ধনে-সাঙ্গাকারার মতো শ্রীলঙ্কার আরেকটি সোনালি প্রজন্মের একটা সোনালি ট্রফি যে পাওনা হয়ে গেছে—এ নিয়ে বিতর্কের বেশি সুযোগ নেই।দলকে ফাইনালে তোলা ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া—সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। শুধু এই ম্যাচে নয়। টুর্নামেন্টেই ৪২ গড়ে তাঁর রান ২১০। অবশ্য লঙ্কান অধিনায়ক থেকেই বলছেন, দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। এবার আর ফাইনালের দুয়ার থেকে খালি হাতে ফিরতে চায় না তাঁর দল, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। দীর্ঘ সময় ধরে একটা সফল দলের অংশ হতে পেরে আমরা সবাই সত্যিই খুব খুশি। এ নিয়ে চার-চারটি ফাইনালে ওঠার সৌভাগ্য হলো আমাদের। যদিও আমরা জানি, আমরা কিছুই জিততে পারিনি।’এতবার ফাইনালে উঠেও কিছু জিততে না পারাটাও তো এক ধরনের ব্যর্থতা। জয়াবর্ধনে অবশ্য অন্যভাবে দেখছেন বিষয়টি, ‘চারবার ফাইনালে খেলতে পারাও অবিশ্বাস্য একটা ব্যাপার। আপনার ক্যারিয়ারে মাত্র একবারই ফাইনাল খেলতে পারলে আপনি ধন্য হয়ে যাবেন। জাতি হিসেবে আমরা খুবই গর্বিত। রোববার পুরো দেশ আমাদের সমর্থন দেবে।’আগের তিনটি ফাইনালের সঙ্গে আগামীকালের ম্যাচটিকে মেলাতে চান না জয়াবর্ধনে। এই ম্যাচে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি আর রণকৌশল নিয়ে মাঠে নামবে তাঁর দল, ‘তিনটি ফাইনালে আমাদের আলাদা কৌশল নিয়ে খেলতে হয়েছে। একটা ফাইনাল ছিল বারবাডোজে (২০০৭), একটা ইংল্যান্ডে (২০০৯), অন্যটি মুম্বাইয়ে (২০১১)। এখন আমরা খেলব প্রেমাদাসায়। স্বাভাবিকভাবেই আমরা নতুন কৌশল নিয়ে মাঠে নামব।’পুরো টুর্নামেন্টে মাত্র একবারই হেরেছে শ্রীলঙ্কা। সেটিও বৃষ্টিবিঘ্নিত ৭ ওভারে নেমে আসা ম্যাচে। দলের মধ্যে একটা ইতিবাচক আবহাওয়া দেখতে পাচ্ছেন অধিনায়ক, ‘আমরা খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি। টুর্নামেন্টের শুরুতেই আলোচনা ছিল, আমাদের হাম্বানটোটা, পাল্লেকেলে ও কলম্বোর তিনটা ভিন্ন ধরনের উইকেটে খেলতে হতে পারে। আমাদের তাই মানিয়ে নিতেই হতো। আসলে কঠিন পরিস্থিতি কীভাবে সামলাচ্ছেন সেটাই আসল।’ এএফপি, ওয়েবসাইট।