জয়াবর্ধনের প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ

মাহেলা জয়াবর্ধনের খুব প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ। হবে না কেন? বাংলাদেশের বিপক্ষে যে তাঁর পাঁচটি শতরান। তাঁর পঞ্চম শতকটি এল আজ মোটামুটি হেসেখেলেই। কোনো প্রতিরোধ কিংবা কোনো সংগ্রাম ছাড়াই। একেবারে ধীরে-সুস্থে। যেন বলে-কয়েই তিন অঙ্ক ছুঁলেন তিনি। একটিবারের জন্যও মনে হলো না যে তিনি আউট হতে পারেন! বাংলাদেশ তাঁর প্রিয় প্রতিপক্ষ হবে না তো কোন দল হবে?
জয়াবর্ধনের ইনিংসটির দিকে একটু চোখ ফেরানো যাক। ১৪৬ রানের ইনিংসে তিনি বল খেলেছেন ২১৭টি। ৬৭.২৮ স্ট্রাইক রেটে তাঁর চারের সংখ্যা ১২টি, ছয় দুটি। কোনো অপ্রয়োজনীয় শট না খেলেই যে নিজের ও দলের রানের চাকা সচল রাখা যায়, জয়াবর্ধনের ইনিংসটি তার অসাধারণ উদাহরণ। ফিল্ডার হিসেবে দিনভর জয়াবর্ধনের ব্যাটিংয়ে বল কুড়িয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা কী মনোযোগ দিয়ে দেখছেন তাঁর ব্যাটিং। দেখলে ভালো। কারণ, তাতে শিক্ষণীয় আছে অনেক কিছুই। অন্তত টেস্ট ম্যাচে ব্যাটিংটা কেমন হতে হয়—জয়াবর্ধনের ইনিংসটি হতে পারে তার সুন্দর এক নিদর্শন।
২০০১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে প্রথম দেখা হয়েছিল জয়াবর্ধনের। সেই ম্যাচে তাঁর ব্যক্তিগত স্কোর ছিল ১৫০। বাংলাদেশের টেস্ট মর্যাদার একেবারে প্রাথমিক দিনগুলোর কথা সেটি। শ্রীলঙ্কার সঙ্গেও সেটি ছিল বাংলাদেশের মোলাকাত। ব্যাট করতে করতে ক্লান্ত জয়াবর্ধনে সেদিন স্ব-ইচ্ছাতেই ফিরে গিয়েছিলেন সাজঘরে। এর পরের শতকটি পেতে অবশ্য তাঁকে একটু অপেক্ষাই করতে হয়েছিল। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে কলম্বো ও ক্যান্ডিতে পর পর দুটো শতক হাঁকিয়ে বসলেন তিনি। কলম্বোয় ১২৭ আর ক্যান্ডিতে ১৬৫। প্রিয় প্রতিপক্ষের তকমাটা তখনই পেয়ে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে তাঁর সর্বশেষ সেঞ্চুরিটি ছিল ২০০৮ সালে। ঢাকায় ১৬৬ রানের ইনিংসটিই ছিল এ অবধি বাংলাদেশের বিপক্ষে তাঁর শেষ বড় স্কোর। দীর্ঘ পাঁচ বছর বিরতিতে জয়াবর্ধনে আবারও খুঁজে নিলেন তাঁর প্রিয় প্রতিপক্ষকে।
৩৬ বছর বয়সী জয়াবর্ধনে অসাধারণ এক এলিট ক্লাবের সদস্য। যে ক্লাবের সদস্যসংখ্যা মাত্র ১১। এ ক্লাবটির প্রত্যেক সদস্যই টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান করে করেছেন। এলিট ওই ক্লাবে জয়াবর্ধনে ছাড়াও শ্রীলঙ্কান এন্ট্রি কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সিরিজেও দারুণ খেলেছেন। বাংলাদেশকেও তিনি সেই ফর্মের বিচ্ছুরণে দগ্ধ করবেন—এটাই তো স্বাভাবিক।
মাহেলা বিনা চ্যালেঞ্জে সেটাই করে দেখালেন।