জয়াবর্ধনের ফাইনাল-দুঃখে প্রলেপ যে শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের ট্রফি হাতে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস । ছবি: প্রথম আলো
এশিয়া কাপের ট্রফি হাতে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস । ছবি: প্রথম আলো

বিশ্বকাপের সঙ্গে কোনো তুলনাই চলে না। বিশ্বকাপ হলো বিশ্বকাপ! এর সঙ্গে এশিয়া কাপের কোনো তুলনা হয় নাকি!
আসলেই হয় না। তার পরও মাহেলা জয়াবর্ধনের ‘ফাইনাল-ক্ষতে’ একটু কি প্রলেপ পড়ল এই জয়ে? হোক না এশিয়া কাপ, ফাইনাল তো জেতা হলো!
‘ফাইনাল’ কথাটার মধ্যেই একটা রোমাঞ্চের আঁকিবুঁকি আছে। অথচ জয়াবর্ধনের কাছে যে রোমাঞ্চের বদলে সেটি হয়ে উঠেছিল আতঙ্কের প্রতিশব্দ! তীরে এসে তরি ডোবার অন্য নাম।
ব্রিজটাউনে সেই ২০০৭ বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু; যেটিতে অ্যাডাম গিলক্রিস্টের দানবীয় এক ইনিংসের কাছে হার। চার বছর পরের বিশ্বকাপ ফাইনালটি তো আরও বেদনাবিধুর। ৮৮ বলে অপরাজিত ১০৩ রানের মণিমুক্তোখচিত এক ইনিংস খেলেও হাত ছোঁয়ানো হয়নি ট্রফিতে। মাঝখানে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও ‘উপহার’ দিয়েছে একই যন্ত্রণা। এর মধ্যে দ্বিতীয়টি উৎসবে মেতে ওঠার অপেক্ষায় থাকা শ্রীলঙ্কাকে ঢেকে দিয়েছিল শোকের চাদরে। প্রেমাদাসায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বপ্নের মতো শুরু করেও পরাজয় কলম্বোকে বানিয়ে দিয়েছিল ভুতুড়ে নগর। ফাইনালের আগের দিনই ঘোষণা করেছিলেন, দ্বিতীয় দফায় শ্রীলঙ্কার অধিনায়কত্ব-পর্ব এই ম্যাচেই শেষ। যে ম্যাচের পর জয়াবর্ধনের মুখের দিকে তাকানো যাচ্ছিল না।
কাল জয়সূচক রানটির পর শ্রীলঙ্কান ড্রেসিংরুমে উৎসবের মধ্যমণি সেই জয়াবর্ধনে। মুখে চওড়া হাসি। এশিয়া কাপে পঞ্চম শিরোপাই যেটির একমাত্র কারণ নয়। বুকে বয়ে বেড়ানো ফাইনাল-দুঃখে প্রলেপ পড়েছে এবং সেটিতে তাঁর বড় অবদান। শ্রীলঙ্কার সাফল্যে জয়াবর্ধনের অবদান এমনিতে ঘটা করে বলার মতো কিছু নয়। এ আর নতুন কিছু নাকি!
এখানে বলতে হচ্ছে। এমন দুঃসময়ের যাত্রী হয়ে যে আর কোনো ফাইনাল খেলতে নামেননি। এই মিরপুরেই ডাবল সেঞ্চুরি করেছেন মাত্র কিছুদিন আগে। কিন্তু সেটি তো টেস্টে। ওয়ানডেতে সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংস প্রায় আট মাস আগে। মাঝখানে ১৩টি ইনিংসে কোনো ফিফটি নেই। এই এশিয়া কাপে আগের চার ম্যাচে রান ১৩, ৯, ১৪ ও ০। 

অথচ ফাইনালে তাঁকে কিনা নামতে হলো পরপর দুই বলে শ্রীলঙ্কা ২ উইকেট হারানোর পর! গত কিছুদিন রানের বন্যায় ভাসতে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটের আরেক মহিরুহ সাঙ্গাকারা টানা দ্বিতীয় ম্যাচে ভুলে যাওয়া ব্যর্থতার স্বাদ পেলেন। এবার প্রথম বলেই আম্পায়ারের তর্কযোগ্য সিদ্ধান্তের বলি। ফেরার সময় ব্যক্তিগত দুঃখ ছাপিয়ে সাঙ্গাকারাকেও নিশ্চয়ই চোখ রাঙাছিল ‘ফাইনালের অভিশাপ’। জয়াবর্ধনের মতো তিনিও যে ফাইনাল-দুঃস্বপ্নের যাত্রী। শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে আছে যে চারটি বড় ফাইনাল, তার দুটিতে তো সাঙ্গাকারাই ছিলেন অধিনায়ক।
সাঙ্গাকারা-জয়াবর্ধনে শ্রীলঙ্কান ক্রিকেট ছাপিয়ে বিশ্ব ক্রিকেটেই কিংবদন্তি এক জুটি। কাল দুজনেরই দুঃখহরা ফাইনালে জয়াবর্ধনে সাঙ্গাকারাকে সঙ্গী পেলেন না। পেলেন ‘নতুন সাঙ্গাকারা’ লাহিরু থিরিমান্নেকে। তৃতীয় উইকেটে ১৫৬ রানের জুটি। সেটি ১২৮ রানেই থেমে যেতে পারত যদি ডিপ মিড উইকেটে হাফিজ ক্যাচটা নিতে পারতেন। তাতেও পাকিস্তান জিতত কি না, এ নিয়ে তর্ক হতে পারে। তবে ফাইনালটা হয়তো এমন একপেশে হতো না।
শেষ পর্যন্ত জয়াবর্ধনে যখন ৭৫ রানে বিদায় নিলেন, ট্রফিটা তখনই শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া যেত! ৭৬ বলে দরকার ৪৯ রান, হাতে ৭ উইকেট। ২২ বল বাকি রেখেই রানটা হয়ে গেল। উইকেট পড়ল আরও দুটি। তাতে জয়-পরাজয়ের ব্যবধানই শুধু একটু কমল। ভবিতব্য মেনে নেওয়া পাকিস্তানি খেলোয়াড়েরা যেমন বলতে গেলে তা উদ্যাপনই করলেন না, খেলার শুরু থেকে ঢাকাকে ‘করাচি’ বা ‘লাহোর’ বলে ভুল বোঝানো গ্যালারিও নয়।
প্রথম ম্যাচ থেকে ফাইনাল—এই এশিয়া কাপ সত্যিকার অর্থেই বৃত্তপূরণের এক টুর্নামেন্ট। যেটি শুরু হয়েছিল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দিয়ে, শেষও তা-ই। মিল তো এখানেই শেষ নয়। ফতুল্লায় প্রথম ম্যাচের মতো মিরপুরে শেষ ম্যাচেও সবচেয়ে উজ্জ্বল দুটি নামে কোনো পরিবর্তন নেই। বোলিংয়ে লাসিথ মালিঙ্গা। ব্যাটিংয়ে লাহিরু থিরিমান্নে।
পার্থক্য বলতে প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করে থিরিমান্নের সেঞ্চুরি, পাকিস্তান ইনিংসের শেষে এসে মালিঙ্গার ধ্বংসযজ্ঞ। কাল মালিঙ্গা শুরুতেই ছত্রখান করে দিলেন পাকিস্তানকে। প্রথম তিন ওভারেই উইকেট। আরও সুনির্দিষ্টভাবে বললে উইকেট তিনটি ১০ বলের মধ্যে, যাতে সাড়ে চার ওভার পরই পাকিস্তান ৩ উইকেটে ১৮।
সেখান থেকে পাকিস্তানকে ২৬০ রানের ‘ফাইটিং স্কোর’-এ নিয়ে যাওয়ার কৃতিত্ব ফাওয়াদ আলম ও মিসবাহ-উল-হকের ১২২ রানের জুটির। ৩২.১ ওভারব্যাপী এই সাবধানি জুটিতে ভিত্তিটা গড়া হলো। যার ওপর দাঁড়িয়ে ফাওয়াদ ও উমর আকমলের ১১৫ রানের ঝোড়ো জুটি, যেটিতে ওভারপ্রতি রান ৮.৮৪! বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে সাড়ে তিন বছর পর ওয়ানডে খেলতে নেমে ৭৪ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেছিলেন ফাওয়াদ। কাল সেঞ্চুরিই করে ফেললেন। আশ্চর্যই বলতে হবে, যেটি কিনা পাকিস্তানি কোনো বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি!
রেকর্ড বলতেই পারেন। ক্রিকেট আশ্চর্য এক খেলা! কত রকম রেকর্ড যে এতে হয়! কাল পাকিস্তানের ইনিংসেই যেমন এমন একটা ঘটনা ঘটল, এর আগের ৩৪৮৫টি ওয়ানডে যা দেখেনি। প্রথম তিন ব্যাটসম্যান এক অঙ্কের রানে আউট, পরের তিন ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ্ব স্কোর। ৪-৫-৬, তিন ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ্ব রানই ওয়ানডে ইতিহাসে মাত্র দশমবারের মতো। এশিয়া কাপ ফাইনালের সঙ্গে সম্পর্ক নেই। তবে জেনে আমোদ অনুভব করতে পারেন বলে জানানো, এর মধ্যে দুটি কীর্তি বাংলাদেশের!
আরেকটি েরকর্ড’ও হয়ে গেছে ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই। ৩৯ বছর ২৮৪ দিন বয়সী মিসবাহ পাকিস্তানকে ফাইনালে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হয়ে গেলেন। যাঁর রেকর্ড ভেঙেছেন, ১৯৯২ বিশ্বকাপ ফাইনালের দিন তাঁর বয়স ছিল ৩৯ বছর ১২১। ভদ্রলোকের নাম ইমরান খান।
বিশ্বকাপ জয়ে মধুরেণ সমাপয়েৎ মেলবোর্নের সেই ফাইনালই যে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল, ইমরান খানের তখন তা কল্পনায়ও ছিল না। যেটি অবশ্যই চেয়েছিলেন, সেই জয়ে মিল হলো না। আর অন্য মিলটা তো মিসবাহ অবশ্যই চাইবেন না।
২৬০-কে ‘ফাইটিং স্কোর’ বলছিলাম। এশিয়া কাপের ইতিহাস বিবেচনায় তো আসলে ‘উইনিং স্কোর’! এর আগে কোনো ফাইনালে ২৫০ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। শ্রীলঙ্কা এসব রেকর্ডকে পাত্তা দিলে তো!
৫০ ওভারের প্রথম পাঁচটি বিশ্বকাপে পরে ব্যাটিং করে কোনো দল জিততে পারেনি। সেই ইতিহাস জেনেও লাহোরে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে টসে জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অর্জুনা রানাতুঙ্গার শ্রীলঙ্কা। নতুন ইতিহাস লিখে জিতেও ছিল।
সেই ইতিহাসের স্রষ্টাদের একজনকে কালকের ফাইনাল শেষে উচ্ছ্বসিত হয়ে শ্রীলঙ্কান খেলোয়াড়দের জড়িয়ে ধরতে দেখা গেল। হোক না এশিয়া কাপ, ফ্লাডলাইট-প্লাবিত মিরপুর শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়াকে হয়তো মনে করিয়ে দিচ্ছিল দেড় যুগ আগের আলো-ঝলমল গাদ্দাফির সেই রাত!

পাকিস্তান: ৫০ ওভারে ২৬০/৫
শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ২৬১/৫
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী