জয়াবর্ধনের শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে ২৪টি ম্যাচ খেলেছেন, দেখেছেন আরও অনেক। অধিনায়ক ছিলেন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আগের দুটি পরাজয়েও। কিন্তু এই দলটাকে অন্য রকম লাগছে মাহেলা জয়াবর্ধনেরও।বিশ্বকাপের পর থেকে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা যেন হঠাৎ বদলে গিয়েছিল জয়াবর্ধনের নেতৃত্বে। এই টুর্নামেন্টে আবার আচমকাই পতন, টানা তিন ম্যাচে হার। হতাশার পাশাপাশি লঙ্কান অধিনায়কের কণ্ঠে নতুন বাংলাদেশের জয়গান, ‘ওরা জয়ের জন্য ক্ষুধার্ত, বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের মাঝে এটা দেখা গেছে, যা দারুণ ব্যাপার। আমি ওদের বিপক্ষে আগেও খেলেছি, লড়াকু ক্রিকেটার আগেও ছিল, যারা হারার আগে হারতে চাইত না। কিন্তু ধারাবাহিকতা ছিল না। এই দলটা অসাধারণ খেলছে। ফাইনালে উঠেছে, পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ তাদের সামনে। দারুণ লড়াই হবে, বাংলাদেশের জন্য শুভকামনা।’অনেকের ধারণা, এই সাফল্য বাংলাদেশকে পৌঁছে দেবে বহু প্রত্যাশিত ‘পরবর্তী পর্যায়ে’। তবে জয়াবর্ধনে একটু সাবধানও করে দিলেন, ‘তিনটি ম্যাচেই বাংলাদেশ দারুণ ধারাবাহিক খেলেছে। বলতেই হবে, ওরা সঠিক পথেই আছে। কিন্তু আমাদেরই দেখুন, অস্ট্রেলিয়ায় কেমন খেলেছি, এখানে কেমন! ধারাবাহিকতা ধরে রাখা তাই জরুরি।’ ফাইনালের সম্ভাব্য ফল নিয়ে বলতে গিয়ে অবশ্য যেন একটু খোঁচাও দিয়ে দিলেন, দুই দলই হয়তো টস প্র্যাকটিস করবে, পরে ব্যাটিং করা এই উইকেটে অনেক বড় সুবিধা!