জয়াবর্ধনের সঙ্গে নির্বাচক কমিটিও
খুব কাছে গিয়েও শিরোপা না পাওয়ার হতাশা থাকতে পারে, কিন্তু বিশ্বকাপে রানার্সআপ হওয়াটাও তো কম নয়! কিন্তু শ্রীলঙ্কার দিকে তাকালে সেটিকে ভুলই মনে হবে। বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটের যেন দমকা হাওয়া বইতে শুরু করেছে।কুমার সাঙ্গাকারা অধিনায়কত্ব ছাড়ার পরদিন সহ-অধিনায়কত্ব ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে। এর চেয়েও বড় চমক, পদত্যাগ করেছে অরবিন্দ ডি সিলভার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও। এতসব দায়িত্ব ছেড়ে দেওয়ার ভিড়ে নতুন দায়িত্ব পাওয়ার খবর একটিই—মে মাসের ইংল্যান্ড সফরে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটিং কোচ স্টুয়ার্ট ল-কে। ওয়েবসাইট।সাঙ্গাকারা দায়িত্ব ছাড়ার পর জয়াবর্ধনের সরে দাঁড়ানো স্বাভাবিকই। বিশ্বকাপের কথা ভেবেই সাবেক অধিনায়ক জয়াবর্ধনেকে সাঙ্গাকারার ডেপুটি করা হয়েছিল। সাঙ্গাকারার আগে প্রায় বছর পাঁচেক দলকে নেতৃত্ব দিয়েছেন জয়াবর্ধনে। বিদায়ী অধিনায়কের মতো তাঁরও যুক্তি, সময় হয়েছে তরুণ কাউকে গড়ে তোলার।প্রায় একই যুক্তি দেখিয়েছে গত জুনে দায়িত্ব নেওয়া অরবিন্দ ডি সিলভা, রণজিৎ ফার্নান্ডো, অমল সিলভা ও আজওয়ের আলীর সমন্বয়ে গড়া নির্বাচক কমিটি। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ৩০ এপ্রিল। স্টুয়ার্ট ল শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন ২০০৯ সালের নভেম্বর থেকে। এখন ভারপ্রাপ্ত কোচ হলেও পাকাপাকিভাবে মূল কোচও হয়ে যেতে পারেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তাঁর নিজেরও ইচ্ছে এমনই। মে-জুনের ইংল্যান্ড সফরটা তাই বড় পরীক্ষা স্টুয়ার্ট লর জন্যও!