জয়াসুরিয়া বললেন, ‘পাকিস্তান নিরাপদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে ‘নিরাপদ’ ঘোষণা করেই করাচিতে খেলতে গিয়েছিলেন। দুই ম্যাচের সংক্ষিপ্ত সফর শেষেও একই ঘোষণা দিলেন সনত্ জয়াসুরিয়া। শ্রীলঙ্কান সাবেক এই তারকা ক্রিকেটার বললেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তান ‘নিরাপদ’।জয়াসুরিয়ার আশাবাদ, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে। ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। আটজন সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয় লাহোরের রাজপথ। আহত হন পাঁচ ক্রিকেটার। ভয়-আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে যায় শ্রীলঙ্কা দল। এর পর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি টেস্ট খেলুড়ে কোনো দেশই।পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ হিসেবে এবার সিন্ধু প্রদেশের ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে বিশ্ব একাদশের বিপক্ষে দুটি ম্যাচ আয়োজন করা হয়। কোনো অঘটন ছাড়াই গত পরশু শেষ হয়েছে বিশ্ব একাদশের পাকিস্তান সফর। সফল সফর শেষে বিশ্ব একাদশের অধিনায়ক জয়াসুরিয়ার প্রতিক্রিয়া, ‘আশা করছি এই দুই ম্যাচের পর সবাই বিশ্বাস করবে, ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ। মাঠে প্রচুর দর্শক এসেছে। আমি নিশ্চিত, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে।’শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, ‘পাকিস্তানি লোকজন দেশে আন্তর্জাতিক ক্রিকেট পাচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি নিশ্চিত, একদিন ওরা তা পাবেই।’ দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে চেষ্টার ত্রুটি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু সেই প্রচেষ্টা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সর্বশেষ বাংলাদেশ দলের পাকিস্তান সফর হতে হতে গিয়েও হয়নি। সফরের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। আদালতের নিষেধাজ্ঞার পরপরই বিসিবি সেটা পিসিবি ও আইসিসিকে জানিয়ে দেয়। বাংলাদেশ দলের পক্ষে নির্ধারিত সূচি (২৮ এপ্রিল থেকে ১ মে) মেনে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, জানানো হয় সেটাও। তবে বাংলাদেশকে পাওয়ার আশা এখনো ছাড়েনি পিসিবি। পাকিস্তান অলস্টার ও বিশ্ব একাদশের দ্বিতীয় ম্যাচে মাঠে উপস্থিত হয়ে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, আগামী বছরের শুরুতেই ভালো খবর দিতে পারব।’সূত্র: ডন