জয়াসুরিয়া-শাহবাজদের আনতে চায় মোহামেডান
আগামী ১২ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হয়ে উঠবে ক্রীড়া মিলনমেলায়। সৌজন্যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ চেষ্টার পর অবশেষে গত ২৪ জুলাই ক্লাবকে লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত করতে পারার আনন্দেই মূলত এই আয়োজন করছে মোহামেডান। যেখানে কয়েকজন বিশ্বতারকাকে হাজির করার পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের।ক্লাবের অন্যতম কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া দিলেন সে রকম তথ্যই, ‘আমরা ভাবছি, মোহামেডানে খেলে যাওয়া বড় কিছু তারকাকে অনুষ্ঠানে আনব। শ্রীলঙ্কান ক্রিকেট তারকা অর্জুনা রানাতুঙ্গা, সনাৎ জয়াসুরিয়া আছে আমাদের পরিকল্পনায়। পাকিস্তানের হকি তারকা শাহবাজকে রাখছি।’জাভেদ মিয়াঁদাদ আছেন তালিকায়। বেশ কয়েক বছর আগে মোহামেডান একটি একাডেমি করবে বলে পাকিস্তান কিংবদন্তিকে ক্লাবে নিয়ে এসে সংবাদ সম্মেলন করেছিল। কথা ছিল একাডেমিটা চলবে মিয়াঁদাদের তত্ত্বাবধানে। পরে আর এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। তবে মিয়াঁদাদকে এই অনুষ্ঠানে এনে একাডেমির ব্যাপারে বন্ধ ফাইলটা আবার খুলতে চান ক্লাবের নীতিনির্ধারকেরা।১২০০ থেকে ১৫০০ অতিথির এই অনুষ্ঠানে মোহামেডানের সাবেক ইরানি কোচ নাসের হেজাজি, আশির দশকে সাদা-কালো জার্সিতে ঢাকার ফুটবল মাতানো নাইজেরিয়ার আলোচিত সেই স্ট্রাইকার এমেকাকেও হাজির করানোর পরিকল্পনা আছে।এ অঞ্চলের ফিফার উন্নয়ন কর্মকর্তা থাইল্যান্ডের ওয়াউই মাকুদি, নেপালের গণেশ থাপা থাকতে পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান স্যার ডেভ রিচার্ডসকেও আনার পরিকল্পনা আছে। তবে ক্লাব শুধু পরিকল্পনাই করতে পারে, এই অতিথিদের পাওয়া যাবে কি না, সেটি দেখার বিষয়। লোকমান সেটাই বললেন, ‘আমরা চেষ্টা করব, তাঁদের আনতে। দেখা যাক পাওয়া যায় কি না।’ক্লাবকে লিমিটেড কোম্পানি করার উচ্ছ্বাস ক্লাব কর্তাদের যতটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক ততটাই ম্রিয়মাণ এবারের মোহামেডান ফুটবল দল। ক্লাবের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ে এবার লিগের (বাংলাদেশ লিগ) প্রথম পর্বের ১১ ম্যাচের ৬টিই হেরেছে মোহামেডান। হেরেছে টানা তিনটি। ১২ দলে অবস্থান সপ্তম।ক্লাব লিমিটেড কোম্পানি হওয়ায় এখন ক্লাবের শনৈঃ শনৈঃ উন্নতি হবে—কর্তাদের মুখে এমন আশাবাদ। কিন্তু এবার একদিকে যখন বিশাল অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ, তখন মোহামেডান ফুটবল দলের পায়ের তলায় মাটি না থাকা কি এই উৎসবটাকে ম্লান করে দেবে না?