জয়াসুরিয়ার বিষাদময় বিদায়
নিচেই খেলতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের ওপরে লেগে বল ভেসে গেল পয়েন্টে। এউইন মরগানের তালুবন্দী হলেন। ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রানের পর রান করে গেছেন যিনি, সেই সনাৎ জয়াসুরিয়া জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে আউট হলেন মাত্র ২ রান করে। হতাশায় নুয়ে পড়া শরীরটা নিয়ে ধীরে ধীরে ছাড়লেন মাঠ। গ্যালারিতে এক দর্শকের হাতে ধরা প্ল্যাকার্ডে ফোকাস করল টিভি ক্যামেরা, ‘গুডবাই লেজেন্ড!’পরশু শেষ পর্যন্ত হতাশাতেই শেষ হলো এই কিংবদন্তির বিদায়। নিজে বল হাতে ৬ ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছেন ইয়ান বেলের উইকেট। বাঁহাতি স্পিনে তাঁর ৩২৩ নম্বর উইকেট। সেখানেই একটা দাঁড়ি। ব্যাট হাতে মাত্র ২ রান, ওয়ানডের রানও থেমেছে ১৩ হাজার ৪৩০-তে। এখন থেকে এই ক্যারিয়ার শুধুই একটা ইতিহাস। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে হেরেছিলেন ৩০ রানে। পরশু বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচে জয়াসুরিয়া বিদায়ী উপহার পেলেন ১১০ রানের পরাজয়!তা-ও ভাগ্য ১১০ রানের পরাজয়ের চেয়েও বড় কেলেঙ্কারি হয়নি। ৩২ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৩২ রান। জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে ১৫ রানে তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। একসময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৬৯/৮। নয়ে নামা সুরাজ রণদিভের ২৪ আর দশ নম্বর ব্যাটসম্যান লাসিথ মালিঙ্গার ইনিংস-সর্বোচ্চ ২৬ রান না এলে ভরাডুবিই হতো। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ১২১ রান করে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হেরেছিল ইংল্যান্ড, সেই প্রতিশোধটা তারা নিল। ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করা অ্যালিস্টার কুকের কণ্ঠে সেই তৃপ্তি, ‘বোলাররা দুর্দান্ত করেছে। বিশেষ করে জিমি (অ্যান্ডারসন) সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা ব্যাটিংও ভালো করেছি। বৃষ্টির কারণে মাঝখানের বিরতিগুলো ভালোমতোই ব্যবহার করেছি।’তিলকরত্নে দিলশানের মন খারাপ জয়াসুরিয়ার বিদায় সংবর্ধনাটা এমন বিষাদময় হয়ে যাওয়ায়, ‘আমাদের জন্য রান তাড়া করা ছিল খুবই কঠিন। ইংল্যান্ডও দুর্দান্ত বোলিং করেছে। জয়টা ওদের প্রাপ্য ছিল।’ জয়াসুরিয়ার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক, ‘শ্রীলঙ্কার হয়ে ২২ বছর ধরে দুর্দান্ত খেলেছেন সনাৎ। ১৯৯৬ বিশ্বকাপে ও আমাদের ক্রিকেটের মানচিত্রটাই পাল্টে দিয়েছিলেন।’ জয়াসুরিয়া এখনকার রাজনীতিবিদ বলেই কিনা মিষ্টি হেসে বললেন, ‘ও সব সময়ই আমার ভোট পাবে।’ ওয়েবসাইট।