জয়াসুরিয়ার ব্যাটে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
গ্রুপে সমমানের দল একটিই। সেমিফাইনালে ওঠা নিয়ে সংশয় খুব একটা নেই, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাই ছিল গ্রুপ শীর্ষে থাকার লড়াই। এতে লড়াই-ই করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। ১৭ বছর আগে যে মাঠে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া, সিঙ্গাপুরের সেই পাদাংয়ে শ্রীলঙ্কা জিতল কাল আরেক জয়াসুরিয়ার ব্যাটে। এসিসি ইমার্জিং টিমস কাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের ৬২ রানের জয়ে ৮৫ করে ম্যাচ সেরা শিহান জয়াসুরিয়া।গত বিপিএলে চিটাগং কিংসে খেলে যাওয়া জয়াসুরিয়া উদ্বোধনী জুটিতেই ১৫৭ রান তোলেন উদারা জয়াসুন্দরাকে (৭০) নিয়ে। বাংলাদেশের দুই লেগ স্পিনার সাব্বির রহমান (৩/৪৪) ও নূর হোসেন (২/৩০) পরে রাশ টেনে ধরলে ২৫৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। জবাবে ১৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন রনি তালুকদার (৫৬)ও লিটন দাস (৩৯)। কিন্তু বাঁহাতি পেসার চারিথ জয়ম্পতির বোলিং তোপে (৫/২০) পরে দাঁড়াতে পারেননি আসিফ আহমেদ (৩৬) ছাড়া আর কেউ। ১৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।