জয়াসুরিয়ার হতাশা
এটুকু অবশ্য প্রত্যাশা করতেই পারেন সনাৎ জয়াসুরিয়া। প্রধান নির্বাচক তিনি। দলের কে কোথায় কেমন খেলছে এটা জানা যেমন তাঁর দায়িত্ব, তেমনি খেলোয়াড়েরা নিজেদের কর্মপরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে আলাপ করবেন, এটাও তিনি চাইতে পারেন। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে সেটা করেননি। প্রধান নির্বাচককে না জানিয়েই ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার। পুরো ব্যাপারটা নিয়ে তাই খুব হতাশ জয়াসুরিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশে উড়াল দেওয়ার আগমুহূর্তে একটি লঙ্কান দৈনিকের কাছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের আগাম ঘোষণা দেন সাঙ্গাকারা। ঢাকায় পৌঁছে বন্ধুকে অনুসরণ করেন জয়াবর্ধনেও। অন্যদের কাছে এই দুজনের অবসরের কথাটা জানতে হয়েছে বলে বিমর্ষ জয়াসুরিয়া, ‘ব্যাপারটা আমার জন্য খুবই দুঃখজনক। আমি সব সময় তাদের কাছে খুবই স্বচ্ছ ছিলাম। যদি ওরা বিশ্রামেও থাকত, আমি ওদের ফোন করতাম, দলের অবস্থাটা জানাতাম। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আমি কখনোই কোনো বিতর্কিত আচরণ করিনি।’ জয়াবর্ধনে ও সাঙ্গাকারার কাছ থেকে এমন ব্যবহারের প্রতিদান না পাওয়াটা একধরনের অসৌজন্যতাও মনে করেন জয়াসুরিয়া, ‘সাধারণ সৌজন্যবোধ থেকেই তারা আমাকে একটা ফোন করে সিদ্ধান্তটা জানাতে পারত। তাতে ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের জন্য সহজ হতো।’
বোর্ডের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে সাঙ্গাকারা-জয়াবর্ধনে এমন আচরণ করতে পারেন বলেও মনে করেন না প্রধান নির্বাচক, ‘বোর্ডের সঙ্গে যা হচ্ছে সেটা আলাদা ব্যাপার। নির্বাচকদের সঙ্গে ক্রিকেটারদের কখনোই কোনো সমস্যা ছিল না। তার পরও কিছু বলার থাকলে ওরা আমাকে এসে বলতে পারত।’ ওয়েবসাইট।