জয়াসুরিয়ায় খুশি কান্দাম্বি
ক্যারিয়ারজুড়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন অসংখ্যবার। শেষবেলায় এসে কিনা তাঁকে নিয়েই বিতর্ক! পারফরম্যান্স দিয়েই সনাৎ জয়াসুরিয়া বুঝিয়ে দিলেন, এই দলে থাকার মতো যোগ্যতা এখনো আছে। চোখ ধাঁধানো পারফরম্যান্স অবশ্য নয়। রান করেছেন ৮ আর বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট। এতে এই বার্তাটা অন্তত দিতে পেরেছেন, দলে তিনি অনাহূত নন।বিতর্কটা আচমকা জয়াসুরিয়াকে ফেরানো নিয়েই। বলাবলি হচ্ছিল, সরকারি দলের সংসদ সদস্য বলেই তাঁকে এই বাড়তি সুবিধা। ভারপ্রাপ্ত অধিনায়ক থিলিনা কান্দাম্বি কিন্তু জয়াসুরিয়াকে দলে পেয়ে খুশিই। পরশু ব্রিস্টলে একমাত্র টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর কান্দাম্বি বললেন, ‘তাঁর অভিজ্ঞতা অনেক, তাঁর মতো একজনকে দলে পাওয়া তাই সব সময়ই ভালো। খেলা নিয়ে আলোচনা করা যায়। এখনো সে খেলার জন্য যথেষ্ট ফিট। আজই (পরশু) যেমন কয়েক ওভার বোলিং করল, দুটি উইকেট নিল—সে কার্যকর একজন ক্রিকেটার।’বিপজ্জনক হয়ে ওঠা কেভিন পিটারসেনের পর (২৭ বলে ৪১) রবি বোপারাকেও বোল্ড করেন জয়াসুরিয়া। সঙ্গে দুই পেসার মালিঙ্গা-লাকমলের দুটি করে উইকেট ইংল্যান্ডকে বেঁধে ফেলে ১৩৬ রানে। জয়াসুরিয়া শুরুতে ফিরে গেলেও জয়াবর্ধনে ও সাঙ্গাকারার ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কাকে জয় এনে দেয় ১৬ বল বাকি থাকতেই। টেস্ট সিরিজে নিষ্প্রভ জয়াবর্ধনে ৫৭ বলে ৭২ রান করে ম্যাচসেরা, ৩৯ বলে ৪৩ করেছেন সাঙ্গাকারা। ওয়েবসাইট।পরাজয় দিয়ে অধিনায়কত্বে অভিষিক্ত স্টুয়ার্ট ব্রড নিজের ব্যর্থতা স্বীকারের পাশাপাশি কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কাকে, ‘শ্রীলঙ্কা দারুণ খেলেছে, প্রাপ্য কৃতিত্বটা ওদের দেওয়া উচিত। আমরা স্রেফ উড়ে গেছি।’