জয়ী তিন এবং কাহিল
‘আমি স্রেফ সাধারণ একটা কিক নিয়েছি!’—মেসুত ওজিলের বিনয় দেখলে মনে হবে কী আর এমন করেছেন। কিন্তু ওই সাধারণ কিকটি পরশু রাতে জার্মানির জন্য ছিল অসাধারণ। ওই কিকটিই জার্মানিকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়ে নিয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে, তাঁকে এনে দিয়েছে ম্যাচ-সেরার সম্মান। অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করার ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন জার্মান ফুটবলের নতুন প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল প্রতিনিধি, অনেকের মতে ওজিলই ছিলেন ম্যাচ-সেরা। কিন্তু গোল করে ওজিলকে ছাপিয়ে গিয়েছিলেন লুকাস পোডলস্কি। পরশু দলের সবচেয়ে প্রয়োজনের সময় করলেন অসাধারণ এক গোল। এবার আর ম্যাচ-সেরায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।যুক্তরাষ্ট্রকে নাটকীয়ভাবে দ্বিতীয় রাউন্ডে তুলে দেওয়া গোলটি ল্যান্ডন ডনোভান করবেন, এটা যেন নিয়তি-নির্ধারিতই ছিল। দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা, নিজের হাতে যিনি দলের ভাগ্য নির্ধারণ করেছেন অসংখ্যবার, আরেকটি বড় সাফল্য সেই ডনোভানের হাত ধরে না এলে কি হয়! জজি আলটিডোরের শট ফিরিয়ে দিয়েছিলেন আলজেরিয়ান গোলকিপার। কিন্তু চিতার ক্ষিপ্রতায় ছুটে এসে বল জালে জড়িয়ে দিলেন ডনোভান। এরপর নিজেকে আছড়ে ফেললেন নেলসন ম্যান্ডেলা বের সবুজ ঘাসে। ঘাসে পিছলে ডনোভানের সামনে এগিয়ে যাওয়াটাকে ধরে নিতে পারেন যুক্তরাষ্ট্র ফুটবলেরই এক ধাপ এগিয়ে যাওয়া।ইংল্যান্ডের জার্মেইন ডিফোও ম্যাচ-সেরা হয়েছেন ম্যাচের একমাত্র গোল করে। ওজিল-ডনোভানের মতো এই গোলটিও আবার নির্ধারণ করেছে দলের ভাগ্য। শুধু দলের জয় নয়, ডিফোর জন্য ম্যাচটি ছিল ব্যক্তিগত জয়েরও ম্যাচ। আগের দুই ম্যাচেই ওয়েইন রুনির স্ট্রাইকিং জুটি হিসেবে ফ্যাবিও ক্যাপেলো বেছে নিয়েছিলেন এমিল হেসকিকে। হেসকির ব্যর্থতায় আর চারদিক থেকে ওঠা সমালোচনায় পরশু সেরা একাদশে জায়গা পান ডিফো। জেমস মিলনারের দুর্দান্ত ক্রসে পা ছুঁইয়ে ডিফোও জানিয়ে দিলেন, জায়গাটার যোগ্য দাবিদার তিনিই।গোল করেই কর্নার স্ট্যান্ডের সামনে ছুটে গিয়ে ক্রমাগত বক্সিং—পরিচিত সেই উদ্যাপনে আবার দেখা গেল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তারকা টিম কাহিলকে। প্রথম ম্যাচে বিতর্কিত এক লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন, পরশুর ম্যাচটি ছিল কাহিলের জন্য আক্ষেপ ঘোচানোর ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলেও দল পেয়েছে সান্ত্বনার জয়, গোলের সঙ্গে ম্যাচ-সেরার পুরস্কার পেয়ে কাহিল হতাশায় শুরু হওয়া বিশ্বকাপ শেষ করতে পেরেছেন সান্ত্বনা নিয়ে।